রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৬ জানুয়ারি) যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানায় ডিবির মতিঝিল বিভাগ। গ্রেপ্তার যুবকের নাম ওয়াজ কুরুনী ওরফে সাকিব (২২)।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাজলা ফুটওভার ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সাকিবকে আটক করা হলে তার কাছ থেকে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব জানান, তিনি একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সঙ্গে জড়িত। কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রি করতেন।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।