শনিবার, 28 নভেম্বর 2026
সকল বিভাগ

‘যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি’

শত প্রতিকূলতার মাঝেও নির্বাচনের মাঠে নামার শক্তি তিনি পেয়েছেন সাধারণ মানুষের সমর্থন থেকেই—এমন মন্তব্য করেছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, “যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি; এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আমি কোনো দলের, গোষ্ঠীর বা স্বার্থান্বেষী মহলের আপন হতে চাই না। আমি আমার মাটির মানুষের আপন। তাদের মুখের দিকে তাকিয়েই আমি আমার জীবন বাজি রেখেছি।”

শনিবার (১০ জানুয়ারি) রাতে সরাইল উপজেলার শাহবাজপুরে নিজের বাসভবনের সামনে কেন্দ্রীয় নির্বাচনী অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, যারা কিছুদিন আগেও রাজনীতির অঙ্গনে তেমন পরিচিত ছিলেন না, তারাই এখন তার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও হুমকির আশ্রয় নিচ্ছেন। এ বিষয়ে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তার কোনো নেতাকর্মীর গায়ে হাত তুললে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।

নির্বাচনে অংশ নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে রুমিন ফারহানা বলেন, তার লক্ষ্য একটাই—৫২-এর ভাষা আন্দোলন কোনো নেতা কিংবা জমিদারের নেতৃত্বে হয়নি; সেই আন্দোলন হয়েছিল ছাত্রসমাজ ও সাধারণ খেটে খাওয়া মানুষের অংশগ্রহণে। তিনি উল্লেখ করেন, ওই আন্দোলনে তার বাবাও যুক্ত ছিলেন এবং সাধারণ মানুষের আত্মত্যাগেই ভাষা আন্দোলন সফল হয়েছিল। সেই ইতিহাস থেকেই তিনি সাধারণ মানুষের প্রয়োজনে নির্বাচনে দাঁড়িয়েছেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনার মতো শক্তিশালী প্রশাসনকেও তিনি কখনও ভয় পাননি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলেই তিনি বিশ্বাস করেন। তার ভাষায়, ব্যালট বাক্স ভরে কোনো নির্দিষ্ট মার্কাকে জেতানোর সুযোগ নেই। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, কোনো স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলার আগে সংশ্লিষ্টদের তাকে জবাব দিতে হবে।

নির্বাচনী অফিস উদ্বোধন শেষে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে জোট প্রার্থী ঘোষণা করা হয়েছে। ওই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।