বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

যমুনা নদীতে জেলের বড়শিতে ধরা পড়ল ১০৫ কেজির বাগাড়

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে এক জেলের বড়শিতে ধরা পড়েছে ১০৫ কেজি ওজনের বিশালাকৃতির একটি বাগাড় মাছ।

যমুনা নদীতে জেলের বড়শিতে ধরা পড়ল ১০৫ কেজির বাগাড়
ছবিঃ সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে এক জেলের বড়শিতে ধরা পড়েছে ১০৫ কেজি ওজনের বিশালাকৃতির একটি বাগাড় মাছ।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের সহড়াবাড়ী এলাকায় মাছটি ধরা পড়ে। বিরল আকৃতির এই মাছটি দেখার জন্য নদীর ঘাটে শত শত উৎসুক মানুষের ভিড় জমে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সহড়াবাড়ী গ্রামের বাসিন্দা রঞ্জুন চৌধুরী ও তার ছেলে প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও যমুনা নদীতে মাছ ধরতে যান। এক পর্যায়ে তাদের হাজারি বড়শিতে এই বিশাল বাগাড় মাছটি আটকা পড়ে। প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় সকাল ১০টার দিকে তারা মাছটিকে নদীর তীরে নিয়ে আসতে সক্ষম হন। বিশাল এই মাছ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সাধারণ মানুষকে দেখানোর সুবিধার্থে প্রায় এক ঘণ্টা মাছটি দড়ি দিয়ে পানিতে বেঁধে রাখা হয়।

পরবর্তীতে চুনিয়াপাড়া এলাকার কয়েকজন বাসিন্দা সম্মিলিতভাবে মাছটি ১ লাখ ১৮ হাজার টাকায় কিনে নেন। মাছটি কেনার পর তা কেটে স্থানীয়দের মধ্যে ভাগ করে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা মাওলানা মাহমুদুল হাসান জানান, যমুনায় সচরাচর এত বড় মাছ দেখা যায় না। খবর শুনে অনেকেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিরল এই মাছটি এক নজর দেখতে এসেছিলেন।

এলাকার চিকিৎসক ডা. রেজাউল করিম মণ্ডল বলেন, যমুনা নদীতে অনেক দিন পর এমন বড় মাছ ধরা পড়ার সংবাদে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতুক ও আনন্দের সৃষ্টি হয়েছে। মাছটির ক্রেতাদের একজন হাবিজার রহমান জানান, বড় মাছের স্বাদ নিতে এবং স্মৃতি হিসেবে ধরে রাখতে তারা কয়েকজন মিলে এটি ক্রয় করেন।