সিলেটের ওসমানীনগরে যৌথ বাহিনীর এক ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গুলি এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে উপজেলার উমরপুর ইউনিয়নের সিকান্দারপুর গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওসমানীনগর সেনাবাহিনী ক্যাম্পের লেফটেন্যান্ট মো. তানজিলের নেতৃত্বে সেনাবাহিনীর দুটি দল এবং ওসমানীনগর থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল যৌথভাবে সিকান্দারপুর গ্রামের বাসিন্দা মো. আফিকুর রহমানের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় বাড়ির মালিক আফিকুর রহমানকে পাওয়া না গেলেও তার ঘর থেকে দুটি একনলা বন্দুক ও ১০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আফিকুর রহমানের সহযোগী সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করে যৌথ বাহিনী।
গ্রেফতারকৃতরা হলেন— সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউরা গ্রামের গিয়াস উদ্দিন, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রিফাতপুর গ্রামের মো. হাবু মিয়া, ওসমানীনগরের সিকান্দারপুর গ্রামের মো. মজিবুর রহমান ও সাঈদ আহমদ এবং তাজপুর ইউনিয়নের ভাড়েরা গ্রামের নাইমুর রহমান।
অভিযানে অস্ত্র ও গুলি ছাড়াও অপরাধমূলক কাজে ব্যবহৃত ২টি ওয়াকিটকি সেট, ১টি বাইনোকুলার, ১টি পাওয়ার ব্যাংক, ১টি এনালগ মাল্টিমিটার, ১টি হেড ল্যাম্প, ১টি ইলেকট্রিক শক টর্চ, ১টি অ্যাকশন ক্যামেরা, ১২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৩টি মেমোরি কার্ড এবং ১টি আয়রন কাটার জব্দ করা হয়েছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।