শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

যুক্তরাষ্ট্র–ইরান ইস্যুতে জেদ্দায় সৌদি–পাকিস্তান বৈঠক

মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিরসন এবং যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ইস্যুতে সৌদি আরবের জেদ্দায় গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

যুক্তরাষ্ট্র–ইরান ইস্যুতে জেদ্দায় সৌদি–পাকিস্তান বৈঠক
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিরসন এবং যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ইস্যুতে সৌদি আরবের জেদ্দায় গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৈঠকে চলমান সংঘাতময় পরিস্থিতি ও আন্তর্জাতিক নানা বিষয়ে দীর্ঘ আলোচনা করেন দুই নেতা। এ সময় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শান্তি আলোচনা ফিরিয়ে আনতে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের চলমান কূটনৈতিক তৎপরতার প্রশংসা করেন সৌদি ক্রাউন প্রিন্স।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদন অনুযায়ী, মোহাম্মদ বিন সালমান আঞ্চলিক স্থিতিশীলতা পুনরুদ্ধারে নিরবচ্ছিন্ন কূটনৈতিক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত করতে পাকিস্তানের এই মধ্যস্থতাকারী ভূমিকাকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।

এদিকে, একটি বিশেষ বার্তা নিয়ে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তসনিম নিউজ জানিয়েছে, বুধবারের এই বৈঠকের পর তেহরান সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করবে। পাকিস্তানের এই বার্তার ওপর ভিত্তি করেই যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী ধাপের আলোচনায় বসার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইরান।

সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার বিষয়টি ইরানের জন্য একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে কাজ করবে, যা পরবর্তী আলোচনার পথ সুগম করতে পারে। তবে এক্ষেত্রে ইরান স্পষ্ট শর্ত দিয়েছে যে, যুক্তরাষ্ট্রকে অবশ্যই আলোচনার একটি যৌক্তিক কাঠামো মেনে চলতে হবে। আলোচনার প্রক্রিয়াকে ফলপ্রসূ করতে হলে কোনো ধরনের অতিরিক্ত দাবি উত্থাপন কিংবা যুদ্ধবিরতির আগে দেওয়া প্রতিশ্রুতি লঙ্ঘন করা থেকে ওয়াশিংটনকে বিরত থাকতে হবে বলেও সূত্রটি হুঁশিয়ারি দিয়েছে।