ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে নতুন করে কঠোর অবস্থান জানালেন ইরানের পার্লামেন্টের স্পিকার এবং তেহরান প্রতিনিধিদলের প্রধান মোহাম্মদ বাগের গালিবাফ।
তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের এখন সিদ্ধান্ত নেওয়ার পালা, তারা ইরানের আস্থা অর্জন করতে চায় কি না।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে গালিবাফ উল্লেখ করেন, আলোচনার আগে তিনি স্পষ্ট করেছিলেন যে ইরানের পক্ষ থেকে সদিচ্ছা ও আন্তরিকতা রয়েছে। তবে অতীতের দুটি যুদ্ধের অভিজ্ঞতার কারণে তারা প্রতিপক্ষের ওপর আস্থা রাখতে পারছে না।
তিনি বলেন, “ইরানের প্রতিনিধিদল কিছু দুরদর্শী পদক্ষেপ উপস্থাপন করেছিল। কিন্তু শেষ পর্যন্ত এই দফার আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদলের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে”।
আরও কঠোর অবস্থান জানিয়ে তিনি বলেন, “আমরা এক মুহূর্তের জন্যও থামব না, এই ৪০ দিনের যুদ্ধে যা অর্জন করেছি, তা ধরে রাখতে ও শক্ত করতে আমরা কাজ চালিয়ে যাব”।
গালিবাফ আরও জানান, এই ধরনের আলোচনা আয়োজন করা অত্যন্ত কঠিন ছিল এবং উদ্যোগ গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।