যুক্তরাষ্ট্রে গত ১০ দিন ধরে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জামিলের রুমমেট হিশাম আবুঘরবেহ (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার সঙ্গে একই দিন নিখোঁজ হওয়া অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির সন্ধান এখনো মেলেনি।
হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, গ্রেপ্তারকৃত সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৪ এপ্রিল) ফ্লোরিডার ট্যাম্পা শহরের হাওয়ার্ড ফ্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহটি উদ্ধার করা হয়। জামিল ও নাহিদা দুজনই একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নাহিদা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছেন। বিশ্ববিদ্যালয় পুলিশ বিভাগের রেকর্ড অনুযায়ী, গত ১৬ এপ্রিল তাদের সর্বশেষ দেখা গিয়েছিল। জামিলকে ওইদিন সকাল ৯টার দিকে তার ছাত্রাবাসের কাছে এবং নাহিদাকে সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সায়েন্সেস ভবনে দেখা যায়।
নিখোঁজ হওয়ার পরদিন অর্থাৎ ১৭ এপ্রিল তাদের এক পারিবারিক বন্ধু পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে দুটি নিখোঁজ ডায়েরি করা হয়। এরপরই তদন্তে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা জামিলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
তিনি এক বার্তায় জানান, জামিল লিমনের মরদেহ উদ্ধার হলেও নাহিদা এস বৃষ্টির বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পুলিশ হিশাম আবুঘরবেহকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করছে এবং নাহিদাকে খুঁজে বের করতে জোরদার তদন্ত অভিযান অব্যাহত রেখেছে। বাংলাদেশি এই দুই মেধাবী শিক্ষার্থীর নিখোঁজ ও একজনের মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি ও শিক্ষার্থীদের মাঝে গভীর শোক ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।