যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় আরেক বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের পর এই ঘটনা নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
রোববার (২৬ এপ্রিল) স্থানীয় সময় রাতে ট্যাম্পা বে এলাকার একটি সেতুর কাছ থেকে তার দেহাবশেষ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে ফ্লোরিডা পুলিশ।
এর আগে গত শুক্রবার একই এলাকায় বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছিল। তদন্ত সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে এই দুই শিক্ষার্থী একসঙ্গে নিখোঁজ হন।
পুলিশ জানিয়েছে, লিমনের ২৬ বছর বয়সী রুমমেট হিশাম আবুঘরবেকে এই জোড়া হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। আদালত সূত্রে জানা যায়, লিমনের মরদেহ একটি ব্রিজের ওপর পচনধরা অবস্থায় ট্র্যাশ ব্যাগে পাওয়া যায়।
প্রসিকিউটরদের ধারণা, নাহিদা বৃষ্টিকেও একই পদ্ধতিতে হত্যা করে তার দেহাবশেষ গোপন করা হয়েছে। অভিযুক্ত হিশামের বিরুদ্ধে পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে। তবে কী কারণে এই দুই মেধাবী শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।
সূত্র: সিবিএস নিউজ