আন্তর্জাতিক শিক্ষার্থী, বিনিময় কার্যক্রমে অংশ নেওয়া দর্শনার্থী এবং বিদেশি সাংবাদিকদের ভিসার নিয়মে বড় ধরনের রদবদল এনেছে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
নতুন এই কড়া নির্দেশনার মাধ্যমে কয়েক দশক ধরে চলে আসা ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ বা পড়াশোনা ও কর্মসংস্থানের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত দেশটিতে অবস্থানের প্রচলিত আইনি ব্যবস্থার বিলুপ্তি ঘটতে যাচ্ছে।
আভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক দফতর তথা হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের (ডিএইচএস) প্রকাশিত নতুন নীতিমালা অনুযায়ী, এখন থেকে বিদেশি শিক্ষার্থী ও বিনিময় দর্শনার্থীদের যুক্তরাষ্ট্রে অবস্থানের সময়সীমা সাধারণত সর্বোচ্চ চার বছরের জন্য নির্ধারণ করা হবে। অন্যদিকে, বিদেশি সংবাদমাধ্যমের কর্মীদের ক্ষেত্রে প্রতিবার প্রবেশের পর অবস্থানের অনুমতি দেওয়া হবে সর্বোচ্চ ২৪০ দিন, তবে চীনা নাগরিকদের জন্য এই সময়সীমা হবে মাত্র ৯০ দিন। ফেডারেল রেজিস্টারে এই প্রজ্ঞাপন প্রকাশের ৬০ দিন পর এবং মার্কিন কংগ্রেসের পর্যালোচনার প্রক্রিয়া শেষে এই নতুন বিধিমালা আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে।
নতুন নির্দেশনা অনুযায়ী, চার বছরের বেশি সময় অবস্থান করতে হলে সংশ্লিষ্টদের ভিসার মেয়াদ বাড়ানোর জন্য পুনরায় আবেদন করতে হবে অথবা সাময়িকভাবে দেশ ত্যাগ করে নতুন করে প্রবেশের জন্য আবেদন জানাতে হবে। ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর তাদের কঠোর অভিবাসন নিয়ন্ত্রণ নীতির ধারাবাহিকতায় এটি সর্বশেষ পদক্ষেপ। মার্কিন প্রশাসনের দাবি, অতীতে বিদেশি শিক্ষার্থী ও অন্যান্য ক্যাটাগরির ভিসাধারীদের অনির্দিষ্টকালের জন্য বসবাসের সুযোগ দেওয়ায় জাতীয় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে এবং এটি করদাতাদের অর্থের ওপর বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি করছে।
হোমল্যান্ড সিকিউরিটি দফতর জানিয়েছে, তদন্তে এমন অনেক ব্যক্তির সন্ধান মিলেছে যারা ২০০০ থেকে ২০১০ সালের মধ্যে শিক্ষার্থী ভিসায় প্রবেশ করে এ বছরের এপ্রিল মাস পর্যন্ত বিভিন্ন শিক্ষামূলক কোর্সের দোহাই দিয়ে দেশটিতে বছরের পর বছর অবস্থান করছেন। ডিএইচএস-এর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশকারীদের সংখ্যা ছিল ১৮ লাখের বেশি, যা আগের বছরের তুলনায় ১১ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এছাড়া ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া অর্থবছরে যুক্তরাষ্ট্র ৫ লাখের বেশি বিনিময় দর্শনার্থী এবং প্রায় ৩৭ হাজার ৩০০ জন বিদেশি সাংবাদিককে দেশটিতে আসার অনুমতি দেয়। এ ধরনের দর্শনার্থীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় তাদের ওপর নজরদারি ও সার্বিক তদারকি বজায় রাখা নিরাপত্তা দফতরের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মূলত বৈধ ও অবৈধ উভয় ধরনের অভিবাসন প্রক্রিয়াকে আরও কঠোর ও সংকুচিত করার লক্ষ্যেই ডোনাল্ড ট্রাম্পের এই নতুন উদ্যোগ।