শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ‘বোম সাইক্লোন’ আঘাত হানার শঙ্কা

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে প্রলয়ংকরী ‘বোম সাইক্লোন’ আঘাত হানার আশঙ্কায় সতর্কতা জারি করেছেন দেশটির আবহাওয়াবিদরা। শীতকালীন এই শক্তিশালী ঝড়টি ক্যারোলিনা অঞ্চল থেকে শুরু করে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে হ্যারিকেনের মতো প্রচণ্ড গতির বাতাস, ব্যাপক তুষারপাত এবং হাড়কাঁপানো তীব্র শীত অনুভূত হতে পারে।

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ‘বোম সাইক্লোন’ আঘাত হানার শঙ্কা
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে প্রলয়ংকরী ‘বোম সাইক্লোন’ আঘাত হানার আশঙ্কায় সতর্কতা জারি করেছেন দেশটির আবহাওয়াবিদরা। শীতকালীন এই শক্তিশালী ঝড়টি ক্যারোলিনা অঞ্চল থেকে শুরু করে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে হ্যারিকেনের মতো প্রচণ্ড গতির বাতাস, ব্যাপক তুষারপাত এবং হাড়কাঁপানো তীব্র শীত অনুভূত হতে পারে।

আবহাওয়াবিদদের মতে, এই প্রাকৃতিক দুর্যোগটি জীবনহানির মতো ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করতে সক্ষম। বিশেষ করে তীব্র জলোচ্ছ্বাস ও উপকূলীয় বন্যা, যাতায়াত ব্যবস্থায় চরম বিশৃঙ্খলা এবং দীর্ঘ সময়ের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো ঝুঁকি রয়েছে। মূলত আর্কটিক অঞ্চলের হিমাঙ্ক নিচের শীতল বায়ু যখন সমুদ্রের ওপরের উষ্ণ বাতাসের সংস্পর্শে আসে, তখন বায়ুমণ্ডলে তীব্র অস্থিরতা তৈরি হয় এবং সাধারণ ঝড় বিস্ফোরক শক্তিতে রূপ নেয়।

প্রযুক্তিগতভাবে একটি সাধারণ ঝড় তখনই ‘বোম সাইক্লোন’ হিসেবে গণ্য হয়, যখন মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে এর কেন্দ্রের বায়ুর চাপ অন্তত ২৪ মিলিবার হ্রাস পায়। বায়ুচাপের এই আকস্মিক পতন ঝড়ের শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয়, যা অনেকটা বোমার মতো দ্রুতগতিতে বিস্ফোরক রূপ ধারণ করে। আবহাওয়া বিষয়ক সংস্থা অ্যাকিউওয়েদারের বিশেষজ্ঞ ম্যাট বেঞ্জ বিষয়টিকে ব্যাখ্যা করে জানান, এটি এমন এক ধরনের ঝড় যা অত্যন্ত অল্প সময়ের মধ্যে ব্যাপক বিধ্বংসী ক্ষমতা অর্জন করতে পারে।