পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুরু হতে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল আলোচনার আগে নিজেদের অবস্থান আরও স্পষ্ট করেছে তেহরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুলের সঙ্গে এক টেলিফোনালাপে জানান, যুক্তরাষ্ট্রের প্রতি ‘সম্পূর্ণ অবিশ্বাস’ নিয়েই ইরান এই আলোচনায় অংশ নিচ্ছে।
তিনি যুক্তরাষ্ট্রের অতীত আচরণকে এই অবিশ্বাসের মূল কারণ হিসেবে উল্লেখ করেন। আরাগচির ভাষায়, বারবার প্রতিশ্রুতি ভঙ্গ এবং ‘কূটনীতির সাথে বিশ্বাসঘাতকতার’ অভিজ্ঞতার কারণে ইরানের পক্ষে ওয়াশিংটনের ওপর আস্থা রাখা সম্ভব নয়। একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, এমন পরিস্থিতিতেও ইরানি জনগণ জাতীয় স্বার্থ ও অধিকার রক্ষায় সর্বোচ্চ দৃঢ়তা নিয়ে অগ্রসর হবে।
অন্যদিকে, আলোচনায় যুক্তরাষ্ট্রের অবস্থান ও এজেন্ডা নিয়েও আগাম সতর্কতা জানিয়েছে তেহরান। ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, যদি মার্কিন প্রতিনিধিরা কেবল নিজেদের স্বার্থ বা ‘আমেরিকা ফার্স্ট’ নীতিকে অগ্রাধিকার দিয়ে আলোচনায় অংশ নেন, তাহলে কোনো পারস্পরিক লাভজনক চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে না।
সূত্র: আলজাজিরা।