যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন বিএনপির শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল এই আলোচনায় অংশ নেয়।
প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন ব্যারিস্টার নওশাদ জমির, মাহবুবুর রহমান, নায়েবা ইউসুফ ও নিপুণ রায় চৌধুরী। বৈঠক শেষে ড. মঈন খান গণমাধ্যমকে জানান, দীর্ঘদিনের শুভাকাঙ্ক্ষী রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র অতীতেও বাংলাদেশকে নানাভাবে সহযোগিতা করেছে। বর্তমানে দেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ায় স্বাভাবিকভাবেই তারা বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসেছেন। মূলত বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, নতুন সরকারের নীতিমালা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যেই এই আলোচনার আয়োজন করা হয়।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত সাম্প্রতিক চুক্তিগুলোর বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে বিএনপি নেতা জানান, ওই বিষয়গুলো নিয়ে মার্কিন প্রতিনিধিরা সরকারের সঙ্গে কথা বলেছেন এবং উভয় পক্ষই সম্ভবত সে বিষয়ে বিস্তারিত জানাবে। তবে বিএনপির সঙ্গে বৈঠকে মূলত দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক এবং ভবিষ্যৎ সরকারি নীতিমালার ওপর আলোকপাত করা হয়েছে। এছাড়া বৈশ্বিক সমসাময়িক ঘটনাপ্রবাহের পাশাপাশি দ্বিপাক্ষিক কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়েও উভয় পক্ষ বিস্তারিত মতবিনিময় করেছে।