শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান চলছে, সংলাপ নয় : আরাগচি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের পক্ষ থেকে ইরানের সাথে সংলাপ শুরুর যে দাবি করা হয়েছে, তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সরাসরি কোনো আলোচনা চলছে না উল্লেখ করে তিনি জানান, কেবল নির্দিষ্ট কিছু বার্তার আদান-প্রদান অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান চলছে, সংলাপ নয় : আরাগচি
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের পক্ষ থেকে ইরানের সাথে সংলাপ শুরুর যে দাবি করা হয়েছে, তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সরাসরি কোনো আলোচনা চলছে না উল্লেখ করে তিনি জানান, কেবল নির্দিষ্ট কিছু বার্তার আদান-প্রদান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আরাগচি মার্কিন প্রশাসনের দ্বিমুখী আচরণের সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, যারা একসময় নিঃশর্ত আত্মসমর্পণের ডাক দিয়েছিল, তারা এখন কেন আলোচনার কথা বলছে। বর্তমান পরিস্থিতিতে ইরানের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, তেহরানের বর্তমান নীতি হলো প্রতিরোধ গড়ে তোলা এবং এই মুহূর্তে কোনো ধরনের সংলাপে বসার পরিকল্পনা তাদের নেই। পররাষ্ট্রমন্ত্রীর মতে, ওয়াশিংটনের সাথে এখন পর্যন্ত কোনো টেবিল বৈঠক হয়নি এবং নৈতিকভাবেই ইরান তার অবস্থানে অনড় রয়েছে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিপূর্বে একাধিকবার দাবি করেছেন যে ইরানের সাথে তাদের আলোচনা শুরু হয়েছে। গত বুধবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিটও একই সুরে কথা বলেন। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, তেহরান যদি শান্তি চুক্তিতে না আসে তবে তাদের ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। একইসঙ্গে দুই দেশের প্রতিনিধিদের মধ্যকার প্রাথমিক আলোচনাকে সন্তোষজনক বলেও উল্লেখ করেন তিনি।

তবে মার্কিন এই দাবি প্রত্যাখ্যান করে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধের এই নাজুক সময়ে আলোচনার জন্য মরিয়া হওয়া মানেই পরাজয় মেনে নেওয়া। যারা আগ বাড়িয়ে সংলাপের কথা বলছে, তারা মূলত নিজেদের ব্যর্থতাই স্বীকার করে নিচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের পাঠানো ১৫ দফার শান্তি প্রস্তাব তেহরানের হাতে পৌঁছানোর বিষয়টি স্বীকার করলেও তিনি জানান, বিভিন্ন বন্ধু রাষ্ট্রের মধ্যস্থতায় কেবল মতবিনিময় চলছে। এই প্রক্রিয়াটিকে কোনোভাবেই আনুষ্ঠানিক সংলাপ বা আলোচনা বলা যায় না। প্রস্তাবের বিভিন্ন দিক বর্তমানে সরকারি পর্যায়ে পর্যালোচনা করা হচ্ছে এবং প্রয়োজন সাপেক্ষে এ নিয়ে অবস্থান জানানো হবে।

সাক্ষাৎকারে আরাগচি আরও জোর দিয়ে বলেন, যুদ্ধের পর আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চয়তা পাওয়ার সম্ভাবনা থাকলেও ইরান তার নিজস্ব শক্তির মাধ্যমেই নিরাপত্তা বলয় নিশ্চিত করেছে। তিনি সতর্ক করে বলেন, এই যুদ্ধের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে যে ইরানকে উসকানি দেওয়া কারো পক্ষেই সম্ভব নয়। ইরানের স্বার্থ নিয়ে ছিনিমিনি খেলার পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে, তা এখন বিশ্ববাসীর কাছে স্পষ্ট।