শিক্ষার্থীদের রোদে বা সড়কের পাশে দাঁড় করিয়ে মন্ত্রী কিংবা অতিথিকে শুভেচ্ছা জানানোর প্রথা বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্ট করে বলেছেন, ভবিষ্যতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান এ ধরনের আয়োজন করতে পারবে না।
শুক্রবার (১৩ মার্চ) চাঁদপুরের কচুয়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন। অনুষ্ঠানে যাওয়ার পথে রাস্তার পাশে শিক্ষার্থীদের দাঁড়িয়ে তাকে সংবর্ধনা জানাতে দেখে তাৎক্ষণিকভাবে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, “আমাকে একজন সাধারণ মানুষের মতো চলাফেরা করতে হবে। আমার জন্য কোনো ছাত্র-ছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না। কোনো শিক্ষক কখনো আমার জন্য শিক্ষার্থীদের দাঁড় করাবেন না।”
তিনি আরও বলেন, “আমি যেখানে যাব, সেখানে কোনো শিক্ষক বা শিক্ষার্থীকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখলে তা গ্রহণযোগ্য হবে না।” শিক্ষার্থীদের কষ্ট দিয়ে কোনো ধরনের সংবর্ধনা বা শুভেচ্ছা আয়োজনের প্রয়োজন নেই বলেও উল্লেখ করেন তিনি।
শিক্ষকদের উদ্দেশে তিনি নির্দেশ দেন, অনুষ্ঠান শেষে দ্রুত শিক্ষার্থীদের ছুটি দিয়ে বাড়িতে পাঠিয়ে দিতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা আর কখনো রোদের মধ্যে রাস্তায় দাঁড়াবে না। তোমাদের রাস্তায় এসে শুভেচ্ছা জানানোর দরকার নেই। আমি নিজেই স্কুলে-স্কুলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রাসেল, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদিন স্বপন, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বোরহান উদ্দিন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা।







