এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (৭ এপ্রিল) বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে বরিশাল অঞ্চলের কেন্দ্র-সচিবদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী স্পষ্ট করে বলেন, এসএসসি পরীক্ষা পূর্বনির্ধারিত সময় অনুযায়ীই অনুষ্ঠিত হবে। তিনি জানান, পরীক্ষার সময়সূচি আগের সরকারের নির্ধারিত এবং ইতোমধ্যে প্রশ্নপত্রও ছাপার কাজ শেষ হয়েছে। এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর জন্য তিনি সবাইকে আহ্বান জানান।
তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় তার কাছে একটি “ইবাদতখানা”। তার ভাষায়, ছাত্র-শিক্ষক বা অভিভাবকদের কারণে নয়, বরং সদিচ্ছার অভাবেই দেশের শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জন্য বিগত সরকারের মন্ত্রীসহ সংশ্লিষ্ট দায়িত্বশীলদের দায় নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষাকে সুষ্ঠু, নকলমুক্ত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার অগ্রাধিকার দিচ্ছে এবং আগামী বাজেটে জিডিপির ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা রয়েছে।
এছাড়া অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ, অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় আইন আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে কোচিং সেন্টারের ওপর নজরদারির পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী।







