গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ শুক্রবার (২৭ মার্চ)। প্রথম দিনে অনুষ্ঠিত হয়েছে সি ইউনিট (বাণিজ্য) এর পরীক্ষা।
এ বছর ভর্তি পরীক্ষায় মোট ২ লাখ ৮৪ হাজার ৪৮০টি আবেদন জমা পড়েছে বলে জানা গেছে।
শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ২১টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এক ঘণ্টাব্যাপী পরীক্ষার পূর্ণমান ছিল ১০০ নম্বর এবং প্রশ্নপত্র ছিল এমসিকিউ পদ্ধতিতে। পরীক্ষায় উত্তীর্ণ হতে ন্যূনতম ৩০ নম্বর পাস মার্ক নির্ধারণ করা হয়েছে। ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে বলেও কর্তৃপক্ষ জানিয়েছে।
শিক্ষার্থীদের জন্য দ্বিতীয়বার (সেকেন্ড টাইম) আবেদন করার সুযোগ থাকায় অনেকেই কিছুটা স্বস্তি পেয়েছেন।
গুচ্ছ ভর্তি কার্যক্রমের সমন্বয়কারী ইসলামী বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অন্যান্য ইউনিটের পরীক্ষার সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। আগামী ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে বি ইউনিট (মানবিক) এবং ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে এ ইউনিট (বিজ্ঞান) এর পরীক্ষা। উভয় পরীক্ষাই সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এ ইউনিটের পরীক্ষার দিনই বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ডি ইউনিটের পরীক্ষার সময়সূচিও প্রকাশ করা হয়েছে।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে— মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব কেন্দ্রেই আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হবে।







