আর্কাইভ
ads
logo

অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে এইচএসসি ২০২৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৫ মার্চ ২০২৬, ১১:০১ পি.এম
অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে এইচএসসি ২০২৬

ads

পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে হাঁটছে সরকার—২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় দেশের সব শিক্ষা বোর্ডে একযোগে অভিন্ন প্রশ্নপত্র চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হচ্ছে।

বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সভায় মন্ত্রী বলেন, “২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় দেশের সকল বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র ব্যবহার করা হবে। পাশাপাশি পরীক্ষার স্বচ্ছতা এবং অনিয়ম প্রতিরোধের লক্ষ্যে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) স্থাপন করা হবে।”

সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যেই এসএসসি ও এইচএসসি পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এছাড়া শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত পড়াশোনার চাপ কমাতে ভবিষ্যতে পরীক্ষার বিষয় সংখ্যা কমানোর প্রয়োজনীয়তা যাচাই করতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য শিক্ষাবোর্ড চেয়ারম্যানদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রগুলোর বর্তমান অবস্থা ও সম্ভাব্য সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত বিস্তারিত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে তাদের।

পরীক্ষায় নকল ও অনিয়ম বন্ধে সরকারের কঠোর অবস্থান তুলে ধরে মন্ত্রী জানান, এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশে নকলমুক্ত পরিবেশ অপরিহার্য। অতীতে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণে নকল প্রতিরোধ সম্ভব হয়েছে; আগামীতেও আমরা সেই ধারা বজায় রাখব।”

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক–এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।



ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ