সারা দেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা, এবারের পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় ১৮ লাখ শিক্ষার্থী।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় শুরু হওয়া এ পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।
এ বছর দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে ৩০ হাজার ৬৬৬টি স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
পরীক্ষা নির্বিঘ্ন রাখতে আগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আ. ন. ম এহছানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন জানান, সব কেন্দ্রেই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষার্থীদের যাতায়াত সহজ রাখতে কেন্দ্রসংলগ্ন এলাকায় যানজট নিয়ন্ত্রণের ব্যবস্থাও নেওয়া হয়েছে।
পরীক্ষাকেন্দ্রে অপ্রয়োজনীয় আতঙ্ক সৃষ্টি না করার আহ্বানও জানানো হয়েছে। অন্যদিকে, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে গত দুই সপ্তাহ ধরে নিয়মিত নির্দেশনা জারি করে আসছে শিক্ষাবোর্ডগুলো।
এবার ৩ হাজার ২০৯টি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এ বিষয়ে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, “অনেক জায়গায় সিসি ক্যামেরা অভ্যস্ত আছে। নতুন জায়গায় কেন্দ্র সচিবদেরকে সেভাবে অনুপ্রাণিত করেছি।”







