আর্কাইভ
ads
logo

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পি.এম
দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

দেড় মাস বয়সের সন্তানকে কোলে নিয়ে আদালতে কাঁদছেন যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম। ছবি : কালের কণ্ঠ

ads

দেড় মাস বয়সী সন্তানকে কোলে নিয়েই আদালত থেকে কারাগারে যাওয়ার নির্দেশ পেলেন যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম। বিস্ফোরক আইনের মামলায় জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আজ ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুপুর ২টার দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শেখ নজরুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনে বলা হয়, মামলার ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়ে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তেজগাঁও থানার রেলওয়ে কলোনি স্টেশন রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদেও তার সম্পৃক্ততার বিষয়ে তথ্য মিলেছে বলে উল্লেখ করা হয়।

তদন্ত কর্মকর্তা আরও দাবি করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেলহাজতে রাখা প্রয়োজন বলেও আবেদনপত্রে উল্লেখ করা হয়।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জামিন চেয়ে আবেদন করেন। তিনি শুনানিতে বলেন, “তার ১ মাস ১৬ দিনের পুত্র সন্তান রয়েছে। তাকে সিজার করা হয়েছে। যেকোন শর্তে তার জামিন প্রার্থনা করছি।”

শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত থেকে বিকেল ৩টা ১২ মিনিটে বের করা হলে তিনি কান্নায় ভেঙে পড়েন। এ সময় তার দেড় মাস বয়সী শিশুকে কোলে তুলে দেওয়া হয়। আদালতের বারান্দায় বসিয়ে তিনি সন্তানকে দুধ খাওয়ান। পরে শিশুটিকে কোলে নিয়েই তাকে হাজতখানায় নেওয়া হয়। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, “রাজনৈতিক কারণে বাচ্চাসহ কারাগারে যেতে হচ্ছে।”

মামলার নথি অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. তাহমিদ মুবিন রাতুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। ২০২৪ সালের ১৬ জুলাই বিকেল ৫টার দিকে চানখারপুল এলাকায় আন্দোলনের সময় তিনি গুলিবিদ্ধ হন। সহপাঠীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

চিকিৎসাধীন অবস্থায় সেখানে ছাত্রলীগের একাধিক নেতা-কর্মী তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। পরে মামলার অভিযোগ অনুযায়ী, ২৩ জুলাই সন্ধ্যা পৌনে ৭টার দিকে শিল্পী বেগমের নির্দেশে এজাহারভুক্ত আসামি ও অজ্ঞাত ১২০/১৩০ জন দেশীয় ধারালো অস্ত্র, পিস্তল ও বোমা নিয়ে শিক্ষার্থীর বাসায় হামলা চালায়।

এ সময় বাসার আসবাবপত্র ও ইলেকট্রনিকস সামগ্রী ভাঙচুর করে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি করা হয় এবং ৩ লাখ টাকার মালামাল লুটপাট করা হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। পরে বাসার সামনে বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা হত্যার উদ্দেশ্যে শিক্ষার্থীর বাবা মো. সোহেল রানাকে এলোপাতাড়ি মারধর করেন। এ ঘটনায় ২০২৫ সালের ২৫ জানুয়ারি তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়।


ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ