বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
মঙ্গলবার দুপুরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের পরিদর্শক মোহসীন উদ্দীন, তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান।
তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে পাওয়া কিছু তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে এবং আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেল হাজতে রাখা প্রয়োজন।
পরে শুনানির সময় দুই দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই কোটা আন্দোলনের সময় আজিমপুর সরকারি কলোনির ভেতরে ছাত্র-জনতার একটি শান্তিপূর্ণ মিছিলে হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং অন্যান্য আসামিদের পরিকল্পনায় এই হামলা সংঘটিত হয়।
এই মামলায় তিন নম্বর আসামি হিসেবে শিরীন শারমিন চৌধুরীর নাম উল্লেখ রয়েছে।
এর আগে মঙ্গলবার ভোর ৪টার দিকে ঢাকার ধানমণ্ডি এলাকা থেকে তাকে আটক করা হয় এবং পরে মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়।







