নির্ধারিত সময়সীমা অতিক্রম করে মনোনয়নপত্র জমা দেওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এর আগে একই দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত করে কমিশন। তাকে সরকারি চাকরি থেকে পদত্যাগ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য বৃহস্পতিবার (১২ এপ্রিল) বেলা ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
আগামী ১২ মে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল মঙ্গলবার।
নির্বাচন কমিশন সূত্র জানায়, মনোনয়ন জমার শেষ সময় বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত থাকলেও নুসরাত তাবাসসুম তার মনোনয়নপত্র জমা দেন ৪টা ১৯ মিনিটে। সময়সীমা অতিক্রম করায় তার মনোনয়ন বাতিল করা হয়।
অন্যদিকে, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র জমা থাকলেও তা এখন আইনি জটিলতায় আটকে আছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর অযোগ্যতা সংক্রান্ত বিধান অনুযায়ী তার মনোনয়ন স্থগিত করা হয়েছে।
আরপিওর ১২(১)(চ) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি সরকারি বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের চাকরি থেকে পদত্যাগ বা অবসর নেওয়ার পর তিন বছর পূর্ণ না হলে সংসদ সদস্য হওয়ার যোগ্য নন। তথ্য অনুযায়ী, মনিরা শারমিন ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগ দেন এবং গত ডিসেম্বরে চাকরি ছাড়েন। ফলে চাকরি ছাড়ার পর মাত্র চার মাস অতিবাহিত হয়েছে।
এদিকে মঙ্গলবার দুপুরে মনোনয়ন যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা জানান, সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে ১১-দলীয় জোটের ১৩টি মনোনয়নের প্রাথমিক যাচাইয়ে ১২টি গ্রহণ করা হয়েছে। মনিরা শারমিনের ক্ষেত্রে নথিপত্রে ঘাটতি থাকায় তাকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বৃহস্পতিবার (১২ এপ্রিল) বেলা ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।







