আর্কাইভ
ads
logo

হজযাত্রী সেজে হাজি ক্যাম্প থেকে সৌদি রিয়াল চুরি, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১ মে ২০২৬, ০৭:৩৫ পি.এম
হজযাত্রী সেজে হাজি ক্যাম্প থেকে সৌদি রিয়াল চুরি, গ্রেপ্তার ১

ads

রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে সংঘটিত চুরির ঘটনায় অভিযান চালিয়ে সাড়ে ১৭ হাজার সৌদি রিয়াল ও ৯০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে মামলার অন্যতম আসামি হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শুক্রবার (১ মে) মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিক বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর খিলক্ষেত এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, চুরির ঘটনার পরপরই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে বিশেষ টিম কাজ শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে চাঁদপুরে অভিযান চালানো হলেও পরে জানা যায়, হাবিবুর মতলব থেকে বেড়িবাঁধ হয়ে দাউদকান্দি হয়ে কুমিল্লার দিকে যাচ্ছেন। তাকে অনুসরণ করতে গিয়ে পুলিশের দল মুন্সিগঞ্জের গজারিয়া, ডেমরার সারুলিয়া এলাকা পেরিয়ে শেষ পর্যন্ত খিলক্ষেতে পৌঁছে। সেখানে সিটি এসবি (উত্তর) বিশেষ পুলিশ সুপার মো. রেজাউল করিমের টিমের সঙ্গে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

একই রাতে চুরির মূল পরিকল্পনাকারী আব্দুল মান্নানের দুই বাসায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহায়তায় অভিযান চালানো হয়। পরে তার বড় মেয়ে মুক্তার বাসা থেকে ৫০০ রিয়ালের ৩৫টি নোট, অর্থাৎ ১৭ হাজার ৫০০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়। এছাড়া চুরি করা ৩ হাজার ৫০০ রিয়াল মানি এক্সচেঞ্জের মাধ্যমে ভেঙে ১ লাখ ১৫ হাজার টাকা নেওয়া হয়েছিল, যার মধ্যে ৯০ হাজার টাকা আব্দুল মান্নানের দ্বিতীয় স্ত্রীর বাসা থেকে উদ্ধার করা হয়েছে।

ওসি হাফিজুর রহমান মানিক বলেন, “চাঞ্চল্যকর এই ঘটনায় রহস্য উদঘাটন ও অন্যতম আসামিকে গ্রেপ্তার করে বিমান বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এই অভিযানটি আমাদের জন্য বড় অর্জন। এই প্রথম ঢাকার কোনো ঘটনায় মতলব দক্ষিণ থানা পুলিশের সহায়তা উম্মোচিত হয়েছে।”

উল্লেখ্য, গত ২২ এপ্রিল আশকোনা হজ ক্যাম্পে হজযাত্রী ইমরান হোসেনের কাছ থেকে ২২ হাজার সৌদি রিয়াল চুরি হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় ভুক্তভোগীর পক্ষ থেকে অজ্ঞাতনামা চোরচক্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, পাজামা-পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তি ছদ্মবেশে ক্যাম্পে প্রবেশ করে। এসময় হজযাত্রী ইমরান হোসেন ভুলবশত একটি হাতব্যাগ বাথরুমে রেখে মসজিদে চলে যান। সুযোগ বুঝে ওই ব্যক্তি ব্যাগ থেকে দেশি-বিদেশি মুদ্রা নিয়ে সেটি আবার ঝুলিয়ে রেখে নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে সরে পড়ে।


ads
ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ