মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় মা দিবস। মা শব্দটি পৃথিবীর সবচাইতে সহজ ও মধুর ডাক হলেও এর গভীরতা ও বিশালতা সীমাহীন। এই ছোট্ট একটি শব্দের মাঝে লুকিয়ে আছে পরম মমত্ববোধ, অফুরন্ত ভালোবাসা আর নিরাপত্তার এক অনন্য আবেশ।
মানুষের জীবনে যে কোনো বিপদ বা যন্ত্রণায় অবলীলায় যে নামটি মুখ দিয়ে বেরিয়ে আসে, তা হলো মা। পৃথিবীর বুকে সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয়ের নামও মা।
অনেকের মতে, মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন পড়ে না। জীবনের প্রতিটি মুহূর্তেই তিনি আমাদের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন। তবে বিশেষ একটি দিনকে মায়ের জন্য উৎসর্গ করে তাকে সম্মানিত করা বা তাকে বিশেষ অনুভব করানোর মাঝেও এক ধরনের ইতিবাচক দিক রয়েছে। আজ সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে দেখা যাচ্ছে অসংখ্য মানুষকে। মায়ের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি ও স্মৃতিকথা শেয়ার করে নিজেদের অনুভূতি প্রকাশ করছেন সন্তানরা।
সাহিত্যের পাতায় কবি ও সাহিত্যিকগণ যুগে যুগে মায়ের মহিমা গেয়েছেন অত্যন্ত আবেগ দিয়ে। কবির লেখনীতে ফুটে উঠেছে মায়ের নামের অকৃত্রিম মধুরতা। একজন মানুষের জন্মের পর থেকে শুরু করে বেড়ে ওঠার প্রতিটি ধাপে মায়ের অবদান অনস্বীকার্য। শৈশবে মায়ের হাত ধরে হাঁটা শেখা থেকে শুরু করে তার চোখ দিয়ে পৃথিবী চেনা, গল্প শোনা কিংবা ভয় পেয়ে মায়ের আঁচলতলে আশ্রয় নেওয়া, এমন হাজারো স্মৃতি প্রতিটি সন্তানের জীবনের পাথেয় হয়ে থাকে। এই সুখকর স্মৃতিগুলোই মানুষকে প্রতিকূলতার মাঝে বেঁচে থাকার শক্তি যোগায় এবং সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখায়।
ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, ১৯০৮ সালে যুক্তরাষ্ট্রে প্রথম মা দিবস পালনের সূচনা হয়। আনা জার্ভিস নামে একজন স্কুল শিক্ষিকা তার প্রয়াত মা অ্যান মেরি রিভস জার্ভিসের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিবসের প্রবর্তন করেন। ১৯০৫ সালে মায়ের মৃত্যুর পর তিনি দেশজুড়ে প্রতিটি মায়ের অবদানের স্বীকৃতির জন্য ব্যাপক প্রচারণা চালান। যদিও শুরুর দিকে মার্কিন কংগ্রেসে তার এই প্রস্তাব অগ্রাহ্য করা হয়েছিল, তবুও তিনি দমে যাননি। দীর্ঘ প্রচেষ্টার পর আমেরিকার প্রতিটি প্রদেশে দিবসটি পালনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং সরকারি ছুটি ঘোষণা করা হয়। সেই থেকেই বিশ্বব্যাপী মা দিবসের পথচলা শুরু। আজ এই বিশেষ দিনে পৃথিবীর সকল জননীর প্রতি রইল গভীর শ্রদ্ধা ও অশেষ ভালোবাসা। পৃথিবীর প্রতিটি মা সুস্থ ও সুন্দর থাকুক, এটিই আজকের দিনের প্রার্থনা।







