ঢাকা-১৫ আসনের অন্তর্গত বিভিন্ন এলাকায় বিদ্যমান তীব্র পানির সংকট নিরসনে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার রাতে রাজধানীর মনিপুর, কাজীপাড়া, ইব্রাহিমপুর ও কাফরুল এলাকার বাড়ি মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ভুক্তভোগী বাসিন্দারা তাদের মানবেতর পরিস্থিতির কথা তুলে ধরে জানান, পানির অভাবে দৈনন্দিন স্বাভাবিক জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় কাজ থেকে শুরু করে পানীয় জলেরও চরম সংকট দেখা দিয়েছে। তারা অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকে এই সমস্যা আরও প্রকট হয়েছে। এলাকাবাসীর আশঙ্কা, কোনো স্বার্থান্বেষী মহলের ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলের জন্য এলাকায় কৃত্রিম পানির সংকট তৈরি করা হয়ে থাকতে পারে।
জনগণের সমস্যা সমাধানে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করে ডা. শফিকুর রহমান বলেন, এই অঞ্চলের বাসিন্দাদের কষ্ট লাঘবে তিনি সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। সমস্যা সমাধানে ইতিপূর্বেই ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে তার কথা হয়েছে বলে তিনি জানান। এছাড়া তিনি আরও উল্লেখ করেন যে, জাতীয় সংসদে এই পানি সংকটের বিষয়টি উত্থাপন করার পর প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে এই এলাকার সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা রাখার আশ্বাস দিয়েছেন।
মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, নায়েবে আমির আব্দুর রহমান মুসা এবং সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।
এছাড়া স্থানীয় পর্যায় থেকে পূর্ব মনিপুর, কাঁঠালতলা, মনিপুর ও ইব্রাহিমপুর আদর্শ পল্লীসহ বিভিন্ন এলাকার বাড়ি মালিক সমিতির সভাপতি ও সাধারণ বাসিন্দারা সভায় অংশ নিয়ে নিজেদের ভোগান্তির কথা তুলে ধরেন। বিরোধীদলীয় নেতা আশ্বস্ত করেন যে, দ্রুততম সময়ের মধ্যে এই সংকটের একটি স্থায়ী সমাধান নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন।







