বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন ও দীর্ঘমেয়াদী রূপান্তরের লক্ষ্যে আয়োজিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) জাতীয় কর্মশালায় অংশ নিতে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর এটিই দেশের এই সর্বোচ্চ বিদ্যাপীঠে তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ কর্মশালাটি অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। ইউজিসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। সভাপতিত্ব করবেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।
এদিকে প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সরকার প্রধানের শপথ গ্রহণের ৮৫তম দিন উপলক্ষে তাঁর এই সফরকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে ছাত্রদল। বাংলামোটর থেকে শুরু করে শাহবাগ মোড় পর্যন্ত প্রধানমন্ত্রীর যাত্রাপথে ৮৫টি ঔষধি বৃক্ষ রোপণ করেছেন সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এই বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল। ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন বাংলাদেশের কাণ্ডারি হিসেবে প্রধানমন্ত্রীর ঢাবি ক্যাম্পাস সফরকে তারা সবুজায়নের মাধ্যমে স্বাগত জানাতে এই কর্মসূচি পালন করেছেন। প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে উচ্চশিক্ষার সংকট নিরসন ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক আধুনিকায়নে নতুন দিকনির্দেশনা আসবে বলে আশা করা হচ্ছে।







