রাজধানীর চানখাঁরপুলে অচেতন অবস্থায় পড়ে থাকা এক যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। শুক্রবার সন্ধ্যায় হানিফ ফ্লাইওভারের শেষ মাথায় এ ঘটনা ঘটে।
স্থানীয় পথচারীরা সন্ধ্যা ৬টার দিকে আনুমানিক ২০ বছর বয়সী ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান তারা।
খবর পেয়ে শাহবাগ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার এসআই মনিরুল জানিয়েছেন, নিহত যুবকের পরিচয় এখনো জানা যায়নি।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।