এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল বাবদ ১৬৪ কোটি ২৪ লাখ ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সেপ্টেম্বর-অক্টোবর মেয়াদের দুই মাসের আমদানি বিল পরিশোধ করা হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই সেপ্টেম্বর-অক্টোবর মেয়াদের দুই মাসের বিল পরিশোধ করা হয়েছে। তাই রিজার্ভ কিছুটা কমেছে। তবে আমাদের রেমিট্যান্স ও রপ্তানি আয় ঊর্ধ্বমুখী থাকায় এই বিষয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই।’
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, বিল পরিশোধের পর বিপিএম-৬ পদ্ধতিতে দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৯৯ বিলিয়ন ডলারে। আর গ্রস রিজার্ভের পরিমাণ ৩৪ দশমিক ৮৬ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, আকুর বিল পরিশোধের আগে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩১ দশমিক ৫১ বিলিয়ন ডলার। সে সময় গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।
আকুর দেনা দুই মাস পরপর পরিশোধ করা হয়। সংস্থাটির সদস্যদেশগুলোর মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যের অর্থ পরিশোধের দায় নির্দিষ্ট সময় পর সমন্বয় করা হয়।
আকুর সদস্যদেশগুলো হলো বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও মালদ্বীপ। রিজার্ভ-সংকটের কারণে ২০২২ সালের অক্টোবরে সংস্থাটি থেকে বেরিয়ে যায় শ্রীলঙ্কা। দেশটির অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হলেও এখনো আকুতে ফিরে আসেনি।