মঙ্গলবার, 10 নভেম্বর 2026
সকল বিভাগ

শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি চাওয়ার পেছনে দুই উদ্দেশ্য দেখছে জামায়াত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার জন্য পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার পেছনে দুটি উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মতে, এর একটি হতে পারে দেশে ফেরার প্রক্রিয়ার অংশ হিসেবে কৌশল নেওয়া ও জনগণকে বিভ্রান্ত করা। অন্যটি হতে পারে ভারতে চলে যাওয়ার পর দলীয় নেতা-কর্মীদের সান্ত্বনা দেওয়া।

শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি চাওয়ার পেছনে দুই উদ্দেশ্য দেখছে জামায়াত
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার জন্য পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার পেছনে দুটি উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মতে, এর একটি হতে পারে দেশে ফেরার প্রক্রিয়ার অংশ হিসেবে কৌশল নেওয়া ও জনগণকে বিভ্রান্ত করা। অন্যটি হতে পারে ভারতে চলে যাওয়ার পর দলীয় নেতা-কর্মীদের সান্ত্বনা দেওয়া।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে জামায়াতের গণমাধ্যম-সম্পর্কিত হোয়াটসঅ্যাপ গ্রুপে দলটির প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরের একটি ভিডিও বার্তা পাঠানো হয়। সেখানে তিনি বলেন, শেখ হাসিনা কেন পাসপোর্ট ও এনআইডি করতে চাইছেন, তা এখনো স্পষ্ট নয়। তবে এ আবেদনের পেছনে দুটি কারণ থাকতে পারে।

জুবায়েরের ভাষ্য, একটি কারণ হতে পারে, দেশে ফেরার বিষয়ে কৌশল অবলম্বন করে জনগণকে বিভ্রান্ত করা। তিনি যে দেশে ফিরবেন বলে জানিয়েছিলেন, পাসপোর্ট ও এনআইডির আবেদন সেই প্রক্রিয়ার অংশ হতে পারে। অন্য কারণটি হতে পারে, নেতা-কর্মীদের ছেড়ে দেশত্যাগ করার পর তাঁদের শান্ত রাখতে এমন পদক্ষেপ নেওয়া।

এ ছাড়া শেখ হাসিনা দলের নেতৃত্বে নিজের অবস্থান ধরে রাখার জন্যও এমন উদ্যোগ নিতে পারেন বলে মন্তব্য করেন জুবায়ের। তাঁর মতে, শেখ হাসিনা দেশে ফিরবেন না—এমন ঘোষণা দিলে দলের অন্য কাউকে নেতা করা হতে পারে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল জুবায়ের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার দেশের মানুষকে গুম, খুন ও নির্যাতন করেছে। তিনি দেশের অর্থনীতি ও নির্বাচনব্যবস্থা ধ্বংস করেছেন। এ অবস্থায় গণ-অভ্যুত্থানের মুখে দলবলসহ দেশ ছেড়ে পালিয়েছেন। প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নিয়েও দেশের মানুষকে শান্তিতে থাকতে দেননি। সেখান থেকে হুমকি দিয়ে যাচ্ছেন। তাঁর দলের নেতা-কর্মীরাও জনগণকে উত্তপ্ত করছেন এবং ভয়ভীতি দেখাচ্ছেন।

জুবায়ের বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আইনের দাবি অনুযায়ী, তিনি দেশে ফিরলে সেই রায় কার্যকর হবে। এ রায় কার্যকর করার দায়িত্ব সরকারের ও বিচার বিভাগের। ভারতের সঙ্গে বন্দিবিনিময় বা প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাঁকে দেশে ফিরিয়ে আনা সম্ভব।

জামায়াতের এই নেতা বলেন, শেখ হাসিনাকে তাঁর অপরাধের জন্য আইনের আওতায় এনে শাস্তি ভোগ করাতে হবে। তা করতে না পারলে সরকার ব্যর্থ প্রমাণিত হবে এবং জনগণের ক্ষোভ আরও বাড়বে।

শেখ হাসিনা স্বেচ্ছায় দেশে নাও ফিরতে পারেন বলে মনে করেন জুবায়ের। তাঁর মতে, তাঁকে ভারত থেকে ফিরিয়ে আনতে হবে। এ জন্য সরকার ভারতের সঙ্গে আলোচনা করতে পারে, আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ করতে পারে, জাতিসংঘের সঙ্গে কথা বলতে পারে এবং ইন্টারপোলের সহযোগিতা নিতে পারে। শেখ হাসিনা রাজি না হলেও তাঁকে দেশে এনে আদালতের রায় কার্যকর করতে হবে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং আদালতের রায় কার্যকরের বিষয়ে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে একধরনের ঐক্য রয়েছে বলেও মন্তব্য করেন জুবায়ের। তিনি বলেন, ফ্যাসিবাদ যাতে আবার ফিরে আসতে না পারে, সে জন্য সবাইকে ভূমিকা রাখতে হবে।