বৃহস্পতিবার, 19 নভেম্বর 2026
সকল বিভাগ

খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল প্রশাসন

অনিককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তার বাড়ি থেকে নিউ লাইফে নিয়ে যান। কেন্দ্রটির চেয়ারম্যান মর্তুজা জুয়েল বলেন, “তুবার বাবা অনিক সরদার বর্তমানে চিকিৎসাধীন আছেন। উপজেলা প্রশাসনের সহায়তায় নিউ লাইফ তার দায়িত্ব নিয়েছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে তিনি সুস্থ হয়ে ওঠবেন।”

খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল প্রশাসন
চিত্র: সংগৃহীত

বরিশালের উজিরপুরে চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বেঁধে রাখা বাবাকে চা-রুটি খাওয়ানো নয় বছরের তুবা বিনতে অর্নির পড়াশোনাসহ পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। শিশুটির বাবা অনিক সরদারের ডোপ টেস্টে মাদক সেবনের উপস্থিতি পাওয়ার পর তাকে মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছে।

সোমবার অনিককে বরিশাল নগরের বেসরকারি মাদক নিরাময় কেন্দ্র নিউ লাইফে পাঠানো হয় বলে জানিয়েছেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। সেখানে দুই থেকে তিন মাস তার চিকিৎসা চলবে বলে জানান তিনি।

অনিক পশ্চিম বামরাইল গ্রামের বাসিন্দা।

চুরির অভিযোগে বেঁধে মারধর

শুক্রবার রাতে পশ্চিম বামরাইল এলাকায় চুরির অভিযোগে স্থানীয়রা অনিককে আটক করেন। পরে বামরাইল বাজারে একটি খুঁটির সঙ্গে বেঁধে তাকে মারধর করা হয়।

পরদিন সকালে খবর পেয়ে সেখানে ছুটে যায় তার নয় বছরের মেয়ে তুবা বিনতে অর্নি। বাবাকে বাঁধা অবস্থায় দেখে সে তাকে চা ও রুটি খাওয়ায়। পরে স্থানীয়রা অনিককে তার স্ত্রী জান্নাতুল ফেরদৌসের জিম্মায় ছেড়ে দেন।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।

ইউএনও মো. আলী সুজা বলেন, অনিকের পরিবারের ভরণপোষণের ব্যবস্থা করা হয়েছে। তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস যাতে বাড়িতে থেকেই কাজ করে আয় করতে পারেন, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তুবার পড়াশোনার ক্ষেত্রেও প্রশাসন সহযোগিতা করবে বলে জানান তিনি। এ বিষয়ে তুবা যে স্কুলে পড়ে, সেখানে গিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলা হয়েছে। শিক্ষকেরা তার পড়াশোনায় বিশেষ নজর রাখবেন বলে জানান ইউএনও।

শিশুটির নামে একটি ব্যাংক হিসাব খোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। দেশ-বিদেশের অনেকে তুবাকে সহায়তা করতে আগ্রহ দেখিয়েছেন। তার নামে স্থায়ী আমানত করার পরিকল্পনাও রয়েছে বলে জানান ইউএনও।

মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন অনিক

অনিককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তার বাড়ি থেকে নিউ লাইফে নিয়ে যান। কেন্দ্রটির চেয়ারম্যান মর্তুজা জুয়েল বলেন, “তুবার বাবা অনিক সরদার বর্তমানে চিকিৎসাধীন আছেন। উপজেলা প্রশাসনের সহায়তায় নিউ লাইফ তার দায়িত্ব নিয়েছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে তিনি সুস্থ হয়ে ওঠবেন।”

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকাসক্তির কারণে টাকার প্রয়োজন মেটাতে অনিক পড়ে থাকা জিনিসপত্র চুরি করতেন।