রবিবার, 8 নভেম্বর 2026
সকল বিভাগ

মালয়েশিয়ায় বিনা খরচে চাকরির সুযোগ, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন

মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে চাকরির জন্য লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন বাংলাদেশি প্রার্থীকে বাছাই করা হয়েছে। তাঁদের মধ্য থেকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে চূড়ান্তভাবে ১১২ জনকে নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত কর্মীরা কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন।

মালয়েশিয়ায় বিনা খরচে চাকরির সুযোগ, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে চাকরির জন্য লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন বাংলাদেশি প্রার্থীকে বাছাই করা হয়েছে। তাঁদের মধ্য থেকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে চূড়ান্তভাবে ১১২ জনকে নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত কর্মীরা কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন।

রোববার (৮ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় রাজধানীর প্রবাসীকল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে ইলেকট্রনিক পদ্ধতিতে এ লটারি অনুষ্ঠিত হয়। ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর বিকেল চারটা পর্যন্ত অনলাইনে জমা পড়া আবেদন থেকে প্রাথমিক প্রার্থী নির্বাচন করা হয়।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, লটারির সময় মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

নির্ধারিত সময়ের মধ্যে মোট ৪ হাজার ২৯ জন প্রার্থী আবেদন করেন। তাঁদের মধ্য থেকে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে ১০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিত ব্যক্তিদের তালিকা শিগগিরই বোয়েসেলের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

প্রাথমিকভাবে বাছাই হওয়া প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। নিয়োগকারী প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনের প্রতিনিধিদের উপস্থিতিতে এসব পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১২ জনকে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় পাঠানো হবে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক বলেন, আগামী পাঁচ বছরে এক কোটি কর্মী বিদেশে পাঠানো বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার। এ ধরনের উদ্যোগ সেই লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রথমবারের মতো লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নির্বাচিত কর্মীদের ফ্লাইট শুরু হবে।

রাশেদুল হক আরও জানান, পর্যটন, উৎপাদন ও কেয়ারগিভিং খাতে মালয়েশিয়ায় আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল। এসব কর্মীর স্বাস্থ্য পরীক্ষা ও বিমানভাড়াসহ সব খরচ নিয়োগকর্তা বহন করবেন। ফলে তাঁরাও কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন।