বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি সামাল দিতে জার্মানি ও ফ্রান্সকে তাদের জরুরি ডিজেল মজুত বাজারে ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ নির্দেশনা না মানলে ইউরোপে মার্কিন ডিজেল রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে জানা গেছে।
আলোচনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত তিনটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে দেশটির অভ্যন্তরীণ বাজারে জ্বালানির দাম কমাতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে ট্রাম্প প্রশাসন। ইউরোপকে জরুরি ডিজেল মজুত ছাড়ার চাপও সেই উদ্যোগের অংশ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ওয়াশিংটন আগামী ছয় মাসের মধ্যে ইউরোপীয় ইউনিয়নকে তাদের জরুরি মজুত থেকে অন্তত ১২ কোটি ব্যারেল ডিজেল বাজারে ছাড়ার অনুরোধ জানিয়েছে। তবে এ নিয়ে ইউরোপীয় কমিশন ও ইইউভুক্ত ২৭টি দেশের মধ্যে তৈরি হয়েছে বড় ধরনের দ্বিধা।
একদিকে নিজেদের বাজারে ডিজেলের দাম কমানোর চাপ রয়েছে। অন্যদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত আরও বড় আকার ধারণ করলে ইউরোপে জ্বালানি সরবরাহে তীব্র সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে জরুরি মজুত দ্রুত ব্যবহার করা নিয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যে উদ্বেগ রয়েছে।
বাণিজ্য শুল্ক ও সামরিক ব্যয় বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আগে থেকেই টানাপোড়েন রয়েছে। এর মধ্যে জরুরি ডিজেল মজুত ছাড়ার নতুন দাবি দুই পক্ষের সম্পর্কের চাপ আরও বাড়িয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে জরুরি তেল ও জ্বালানি পণ্য বাজারে ছাড়ার যে প্রতিশ্রুতি ফ্রান্স ও জার্মানি দিয়েছিল, তা বাস্তবায়নে তারা ব্যর্থ হয়েছে বলে মনে করছে ওয়াশিংটন। এ কারণে ট্রাম্প প্রশাসন অসন্তুষ্ট।
এক মার্কিন কর্মকর্তা বলেন, পণ্য সরবরাহ বাড়ানো এবং ভোক্তাদের খরচ কমানোর জন্য যুক্তরাষ্ট্র বিভিন্ন উপায় খুঁজছে। তার মতে, এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের সমন্বিতভাবে কাজ করা তাদের নিজেদের স্বার্থের জন্যও অনুকূল হবে।
দ্বিতীয় এক ইউরোপীয় সূত্রও জানিয়েছে, ওয়াশিংটন আগামী ছয় মাসের মধ্যে ইউরোপীয় ইউনিয়নকে তাদের মজুত থেকে ১২ কোটি ব্যারেল ডিজেল বাজারে ছাড়ার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে।
পরিস্থিতি পর্যালোচনায় ইউরোপীয় কমিশনের এনার্জি টাস্কফোর্স জরুরি বৈঠকে বসার কথা রয়েছে। এর আগে ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের কর্মকর্তাদের নিয়ে আলোচনা করেছে ইউরোপীয় কমিশন।
জার্মানির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটনের পক্ষ থেকে চাপ থাকলেও আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) এখনো জার্মানিকে তাদের নিজস্ব জরুরি মজুত ছাড়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো নির্দেশ দেয়নি।
ইউক্রেন যুদ্ধের পর রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সাম্প্রতিক সংঘাতের কারণে ইউরোপের জ্বালানি সরবরাহ পরিস্থিতি আরও চাপে পড়েছে। ফলে ইউরোপ অনেকাংশে মার্কিন জ্বালানির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।
এদিকে, ইউক্রেনের বিমান হামলায় একাধিক শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় রাশিয়া চলতি অক্টোবরের শেষ পর্যন্ত ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা বজায় রেখেছে। অন্যদিকে নিজেদের বাজার সুরক্ষিত রাখতে অক্টোবরের শুরুতে চীনও সাময়িকভাবে জ্বালানি রপ্তানি বন্ধ করেছে। এসব কারণে বৈশ্বিক ডিজেল বাজারেও চাপ তৈরি হয়েছে।
সামনে শীতকালে ঘর গরম করার জন্য তেল-গ্যাসের চাহিদা বাড়বে এবং ফসল কাটার মৌসুম শুরু হবে উল্লেখ করে মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট বলেন, আন্তর্জাতিক বাজারে আরও ডিজেল সরবরাহের জন্য এখনই উপযুক্ত সময়। তার দাবি, ইউরোপের হাতে থাকা জরুরি মজুত বাজারে ছাড়লে জ্বালানি বাজারের চাপ কমানো সম্ভব।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, আইইএর মার্চ মাসের চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাদের প্রতিশ্রুতি পূরণ করে ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল ছেড়েছে। এখন মিত্র দেশগুলোকেও কথার পাশাপাশি কাজে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
তবে এ বিষয়ে ফ্রান্সের জ্বালানি মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এলিসি প্রাসাদের এক কর্মকর্তা জানান, সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠক হলেও ডিজেল মজুত ছাড়ার বিষয়টি নিয়ে সরাসরি আলোচনা হয়নি।
এদিকে, আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সঙ্গে সমন্বয় করে বিশ্বজুড়ে তেলের দাম ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে জি-৭ভুক্ত দেশগুলোর শীর্ষ নেতাদের নিয়ে জরুরি ভিডিও কনফারেন্স আয়োজনের পরিকল্পনা করছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।
আন্তর্জাতিক
ডিজেলের জরুরি মজুত ছাড়তে ইউরোপের ওপর যুক্তরাষ্ট্রের চাপ
বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি সামাল দিতে জার্মানি ও ফ্রান্সকে তাদের জরুরি ডিজেল মজুত বাজারে ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ নির্দেশনা না মানলে ইউরোপে মার্কিন ডিজেল রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে জানা গেছে।