বুধবার, 4 নভেম্বর 2026
সকল বিভাগ

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বে শফিকুল ইসলাম ও জাহাঙ্গীর

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানকে (মিল্টন)। আর সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বে শফিকুল ইসলাম ও জাহাঙ্গীর
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানকে (মিল্টন)। আর সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

আগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত হওয়ার এক মাসের বেশি সময় পর বিএনপির গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক শাখায় নতুন নেতৃত্ব নির্ধারণ করা হলো।

রোববার রাতে বিএনপির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করতে হবে।

নতুন আহ্বায়ক শফিকুল ইসলাম খান যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। এর আগে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থীও ছিলেন তিনি।

অন্যদিকে, নতুন সদস্যসচিব এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেন।

গত ৩০ সেপ্টেম্বর আমিনুল হক ও মোস্তফা জামানের নেতৃত্বাধীন ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ওই দিন বিএনপির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। বিলুপ্ত কমিটিতে আমিনুল হক আহ্বায়ক এবং মোস্তফা জামান সদস্যসচিব ছিলেন।