শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করলে কঠোর হস্তে দমন করা হবে : তথ্য প্রতিমন্ত্রী

সরকারের যেকোনো কর্মকাণ্ডের সমালোচনা ও মতামত প্রকাশের সম্পূর্ণ স্বাধীনতা থাকলেও রাষ্ট্রের ভাবমূর্তি ও স্বার্থ ক্ষুণ্ন করে এমন কোনো অসত্য তথ্য ছড়ালে তা কঠোরভাবে প্রতিরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করলে কঠোর হস্তে দমন করা হবে : তথ্য প্রতিমন্ত্রী
সরকারের যেকোনো কর্মকাণ্ডের সমালোচনা ও মতামত প্রকাশের সম্পূর্ণ স্বাধীনতা থাকলেও রাষ্ট্রের ভাবমূর্তি ও স্বার্থ ক্ষুণ্ন করে এমন কোনো অসত্য তথ্য ছড়ালে তা কঠোরভাবে প্রতিরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনলাইন মাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ ও অপপ্রচার রোধে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এই অবস্থানের কথা ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার দেশের আইনব্যবস্থাকে আরও কার্যকর ও গণমুখী করার লক্ষ্যে সাইবার সুরক্ষা আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে এবং ইতিমধ্যেই এ বিষয়ে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি কাজ শুরু করেছে। আইনটিকে দেশ ও জনগণের নিরাপত্তায় ঢেলে সাজানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কোনো বিশেষ গোষ্ঠী বা রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কিংবা সরকারের সমালোচনা বন্ধ করতে এই পদক্ষেপ নয়। তবে ইচ্ছাকৃতভাবে কোনো অসত্য তথ্যে লাইক কিংবা কমেন্ট করে অপপ্রচারে সমর্থন যোগালেও সংশ্লিষ্টদের আইনি জবাবদিহিতার আওতায় আসতে হবে।

সামাজিক অবক্ষয় প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি আরও উল্লেখ করেন, কেবল আইন প্রযোগ করে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়, বরং নৈতিক শিক্ষার প্রচার জরুরি। বিশেষ করে নারী ও শিশুদের সুরক্ষায় নতুন আইনি কাঠামো তৈরির কাজ চলছে। এছাড়া তরুণ সমাজকে ডিজিটাল আসক্তি ও বন্দিদশা থেকে মুক্ত করতে প্রতিটি প্রশাসনিক ইউনিয়নে ক্রীড়া ক্ষেত্র এবং উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমান প্রশাসন।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। তিনি মাঠপর্যায়ের নানা পেশার মানুষের মতামতের ভিত্তিতে বলেন, গুজব ও বিভ্রান্তিকর সংবাদের প্রবাহ রুখতে কঠোর আইনি ফ্রেমওয়ার্কের পাশাপাশি পারিবারিক ও প্রাতিষ্ঠানিক সচেতনতা অত্যন্ত জরুরি। এর অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রতি সপ্তাহে শিক্ষার্থীদের সাইবার বিষয়ে সচেতন করার একটি উদ্যোগ শুরু হচ্ছে। একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও অপপ্রচারের বিস্তার রোধকে বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।