শনিবার, 28 নভেম্বর 2026
সকল বিভাগ

চকবাজারে চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে

পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটের একটি দোকানে লাগা আগুন চার ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। সরু গলি, ঘন ধোঁয়া ও পানির স্বল্পতায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের।

চকবাজারে চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে
ছবি: সংগৃহীত

পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটের একটি দোকানে লাগা আগুন চার ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। সরু গলি, ঘন ধোঁয়া ও পানির স্বল্পতায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের।

সোমবার রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্ব পালনকারী কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, সাততলা ভবনটির ষষ্ঠ তলায় আগুন লেগেছে। সেখানে বিভিন্ন পণ্যের গুদাম রয়েছে। গুদামগুলোর প্রতিটিই তালাবদ্ধ থাকায় তালা ভেঙে ভেতরে ঢুকে আগুন নেভাতে সময় লাগছে।

এর আগে রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা শাহজাহান হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ করা ইউনিটের সংখ্যা বাড়িয়ে ১০টি করা হয়েছে। সরু গলির কারণে ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো ঘটনাস্থলে প্রবেশ করতে পারছে না। এ ছাড়া ঘন ধোঁয়া ও পানির স্বল্পতায় আগুন নেভানোর কাজে সমস্যা হচ্ছে। প্রয়োজনে ইউনিটের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলেও জানান তিনি।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সোমবার বিকেল ৫টা ৪ মিনিটে মনজুর খান প্লাজার ষষ্ঠ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর বিকেল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন কর্মীরা।

প্রথমে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়।

আগুন লাগার কারণ, এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি।

এর আগে গত বছরের ডিসেম্বরে পুরান ঢাকার চকবাজারের রহমতগঞ্জ এলাকার ডালপট্টিতে একটি তিনতলা আবাসিক ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।