শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

গোলাম পরওয়ারকে নিয়ে ডিএনসিসি প্রশাসকের বক্তব্য, প্রমাণ দাবি জামায়াতের

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ব্যক্তিগত মালিকানায় ৭০০টি অটোরিকশা রয়েছে— ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খানের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে দলটি। অভিযোগের সপক্ষে সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য প্রমাণ জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে জামায়াত। প্রমাণ দিতে না পারলে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে দুঃখ প্রকাশের আহ্বানও জানিয়েছে তারা।

গোলাম পরওয়ারকে নিয়ে ডিএনসিসি প্রশাসকের বক্তব্য, প্রমাণ দাবি জামায়াতের
চিত্র: সংগৃহীত

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ব্যক্তিগত মালিকানায় ৭০০টি অটোরিকশা রয়েছে— ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খানের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে দলটি। অভিযোগের সপক্ষে সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য প্রমাণ জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে জামায়াত। প্রমাণ দিতে না পারলে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে দুঃখ প্রকাশের আহ্বানও জানিয়েছে তারা।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

এর আগে শুক্রবার সকালে মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাই চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, “একটা বড় রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক, তিনি বললেন— ‘অটোরিকশাওয়ালাদের যেই দাবি, সেটা সরকারকে মানা উচিত’।”

তিনি আরও বলেন, ‘…এটা একটা হাস্যকর একটা বক্তব্য। পরে অনুসন্ধানে দেখা গেছে, ওই নেতার নাকি ৭০০টা অটোরিকশা আছে। আমরা মনে করি এই ধরনের— জনগণের কাছে খোলস বদলিয়ে বারবার পার পাওয়া যাবে না।’

জামায়াতের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে ডিএসসিসি প্রশাসকের বক্তব্যের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারকে ইঙ্গিত করা হয়েছে বলে প্রতীয়মান হয়। আমরা এ ধরনের কাল্পনিক, অসত্য, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য পরিবেশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসেবে ডিএনসিসি প্রশাসকের কাছ থেকে জনগণ দায়িত্বশীল, তথ্যনির্ভর ও শালীন বক্তব্য প্রত্যাশা করে। কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে ইঙ্গিত করে তার ব্যক্তিগত মালিকানায় ৭০০টি অটোরিকশা থাকার মতো গুরুতর অভিযোগ উত্থাপন করার আগে এর সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করা অপরিহার্য। অথচ এ ধরনের বক্তব্যের পক্ষে গ্রহণযোগ্য প্রমাণ জনসমক্ষে উপস্থাপন না করে মন্তব্য করা দায়িত্বশীল আচরণের পরিচায়ক নয়।’

অটোরিকশা চলাচল, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং চালকদের জীবিকা-সংশ্লিষ্ট সমস্যা বাস্তবতা ও জনস্বার্থের আলোকে বিবেচনার আহ্বান জানিয়ে দলটি বলেছে, ‘এসব বিষয়ে কোনো রাজনৈতিক দলের বক্তব্য বা অবস্থানকে খণ্ডন করতে হলে যুক্তি, তথ্য ও বাস্তবসম্মত পদক্ষেপের মাধ্যমে তা করা উচিত; কোনো নেতার বিরুদ্ধে প্রমাণহীন অভিযোগ তুলে নয়।’

ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খানকে তাঁর বক্তব্যের পক্ষে সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য প্রমাণ প্রকাশের আহ্বান জানিয়েছে জামায়াত। প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হলে বক্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে দুঃখ প্রকাশের দাবি জানিয়েছে দলটি।

গত ৫ অক্টোবর জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অটোরিকশা চালকদের দাবির বিষয়ে বলেছিলেন, ‘অটোরিকশা চালকদের যে দাবি, আমি মনে করি— সরকারের এ সমস্ত দাবি মেনে নেওয়া উচিত।’

এদিকে শুক্রবার জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ‘স্বাধীনতার অর্থ যা ইচ্ছা তা করার সুযোগ নয়।’ তিনি বলেন, ‘আমরা কথা দিয়েছিলাম— বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে পূর্ণাঙ্গ গণতন্ত্র, স্বাধীন বাংলাদেশ উপহার দেওয়া হবে। তার মানে এই নয়— যা ইচ্ছা তাই করবে।’

অটোরিকশা আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের উপস্থিতি নিয়েও মন্তব্য করেন তিনি। শফিকুল ইসলাম খান বলেন, ‘অটোরিকশা আন্দোলনের নামে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-নেতাদের সেদিন দেখা গিয়েছিল। বাংলাদেশের একজন মানুষও নেই যে অটোরিকশার পক্ষে রাস্তায় গিয়ে আন্দোলন করবে। সেদিন কারা ছিল? বড় বড় দাড়ি, মাথায় টুপি; পাশে তীর চিহ্ন দেওয়া তাদের রাজনৈতিক পরিচয় কিন্তু ইতিমধ্যেই বের হয়ে গেছে।’

জামায়াতকে ইঙ্গিত করে ডিএনসিসি প্রশাসক আরও অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল ফুটপাতের দোকানিদের ডেকে এনে ‘অনৈতিক কাজে’ উৎসাহিত করার চেষ্টা করছে। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি।