গণতান্ত্রিকভাবে নির্বাচিত বিএনপি সরকারের মধ্যে আগের সরকারের মতোই জনস্বার্থ, পরিবেশ ও প্রাণ-প্রকৃতিকে অগ্রাহ্য করার বিপজ্জনক প্রবণতা দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন অধ্যাপক আনু মুহাম্মদ। গত সাত মাসে সরকারের কথাবার্তা ও কর্মকাণ্ডে এমন প্রবণতা লক্ষ করা যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘অপরিকল্পিত উন্নয়নে বিপন্ন কক্সবাজার: পরিবেশবাদীদের উদ্বেগ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। কক্সবাজারে সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ, দেশের একমাত্র পাহাড়ি বনসমৃদ্ধ দ্বীপ মহেশখালীর সংরক্ষিত বনের ভেতর স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সড়ক নির্মাণ এবং সোনাদিয়া দ্বীপে নির্বিচারে প্যারাবন ধ্বংস করে চিংড়ি ঘের নির্মাণের প্রেক্ষাপটে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
আনু মুহাম্মদ বলেন, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশ। উষ্ণতা বাড়ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং লবণাক্ততা ছড়িয়ে পড়বে। এতে জনবসতি ক্ষতিগ্রস্ত হবে। এসব ঝুঁকি থেকে রক্ষা পেতে পুরো উপকূলজুড়ে এমন ব্যবস্থা নিতে হবে, যাতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লেও এর ক্ষতি কম রাখা যায়। কিন্তু সুন্দরবন থেকে কক্সবাজার পর্যন্ত উপকূলজুড়ে এমন সব উন্নয়ন প্রকল্প নেওয়া হচ্ছে, যা উপকূলের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করছে।
কাণ্ডজ্ঞানকে সবচেয়ে বড় জ্ঞান উল্লেখ করে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, কক্সবাজারের বালিয়াড়িতে রাস্তা নির্মাণের চিন্তা কীভাবে আসে। কাণ্ডজ্ঞান থেকেই বোঝা যায়, সমুদ্রের স্রোত ও তীব্রতার কারণে এ রাস্তা টিকবে না। অপরিকল্পিত উন্নয়নের কারণে ভাঙন হচ্ছে। তাঁর মতে, এ রাস্তা কিছু মানুষের অর্থ উপার্জনের প্রকল্প।
আনু মুহাম্মদ মনে করেন, এ ধরনের কর্মকাণ্ড দীর্ঘমেয়াদে পুরো বাংলাদেশের জন্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। মহেশখালীর উদাহরণ তুলে ধরে তিনি বলেন, পাহাড়ি বনের মধ্য দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে। এতে গাছপালা ও পাহাড় কাটা পড়বে এবং বন্যপ্রাণীর আবাসস্থল ক্ষতিগ্রস্ত হবে।
তিনি বলেন, সরকারের প্রতিনিধিরা আন্তর্জাতিক ফোরামে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় অর্থ চান এবং কিছু অর্থও পান। কিন্তু সেই অর্থ দিয়ে এমন কাজ করা হচ্ছে, যার ফলে জলবায়ু পরিবর্তনের ক্ষতি আরও বাড়বে। চকরিয়া সুন্দরবনের এখন আর অস্তিত্ব নেই। একসময় ওই বনটি ওই অঞ্চলের জন্য প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে শক্তিশালী রক্ষাকবচ ছিল। এ ধরনের উন্নয়ন প্রকল্পের কারণে সেটিও নষ্ট হয়েছে।
একই ধরনের কাজ সোনাদিয়া দ্বীপেও করা হচ্ছে বলে মন্তব্য করেন আনু মুহাম্মদ। তিনি বলেন, পরিবেশ মন্ত্রণালয় নামে একটি মন্ত্রণালয় আছে, সেটি টেরই পাওয়া যায় না। সরকারের অর্থমন্ত্রী বলেছেন, পরিবেশ আইন রক্ষা করে উন্নয়ন করা যাবে না। কয়েক দিন আগে মীর শাহে আলম আদালতের সড়ক নির্মাণে স্থগিতাদেশে বিরক্তি প্রকাশ করেছেন।
গত সাত মাসে সরকারের ভূমিকা, কর্মসূচি ও বক্তব্যে জনস্বার্থ, পরিবেশ ও প্রাণ-প্রকৃতিকে অগ্রাহ্য করে আগের সরকারের সময়ে নেওয়া কর্মসূচিগুলো আরও জোরদারভাবে এগিয়ে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন আনু মুহাম্মদ। এ ধরনের কর্মকাণ্ড থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে বাপার সহসভাপতি জাকির হোসেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে কক্সবাজারের প্রতিবেশ সংকটাপন্ন এলাকা কীভাবে অপরিকল্পিত উন্নয়নের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার বিস্তারিত তুলে ধরা হয়।
মূল প্রবন্ধে সুগন্ধা সৈকতের বালিয়াড়িতে চলমান সড়ক নির্মাণ অবিলম্বে বন্ধ করা, হাইকোর্টের মামলা নম্বর ২২৬/২০১১-এর রায় ও নির্দেশনা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫-এর পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদ এবং বালিয়াড়িতে প্রকল্প নেওয়ার আগে পরিবেশগত প্রভাব সমীক্ষা ও বিশেষজ্ঞ মতামত বাধ্যতামূলক করার দাবি জানানো হয়।
এ ছাড়া মহেশখালীর সংরক্ষিত বনের ভেতরে সড়ক নির্মাণ বন্ধ করা এবং সোনাদিয়া দ্বীপের অবৈধ দখল উচ্ছেদ করে দ্বীপটির জীববৈচিত্র্য পুনরুদ্ধারে সরকারকে উদ্যোগ নেওয়ার দাবিও জানানো হয়।
বাপার কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম বলেন, গুটিকয়েক মানুষের স্বার্থে প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় সড়ক নির্মাণ করা হচ্ছে। সমুদ্রের জায়গা দখল করে প্লট বাণিজ্যের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বালিয়াড়ি সৈকতের সুরক্ষাকবচ। এটি নষ্ট হলে সামুদ্রিক প্রতিবেশব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাপার সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির। তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতিসংঘে দেওয়া ২০ মিনিটের ভাষণের মধ্যে ১০ মিনিট পরিবেশ ও জলবায়ু নিয়ে কথা বলেছেন। অথচ তাঁর নির্দেশ অমান্য করে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড চলছে। প্রধানমন্ত্রীর নির্দেশে যেখানে মেরিন ড্রাইভের ৩ হাজার গাছ রক্ষা পায়, সেখানে বনের ভেতরে গাছ ও পাহাড় কাটার আয়োজন কীভাবে হয়—এ প্রশ্নও তোলেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাপার সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার। তিনি বলেন, পরিবেশ রক্ষায় সরকারের যে প্রতিশ্রুতি রয়েছে, তার প্রতিফলন কথা ও কাজে রাখতে হবে।
পরিবেশ ও জলবায়ু
প্রাণ-প্রকৃতি অগ্রাহ্যের বিপজ্জনক প্রবণতা সরকারের মধ্যে: আনু মুহাম্মদ
গণতান্ত্রিকভাবে নির্বাচিত বিএনপি সরকারের মধ্যে আগের সরকারের মতোই জনস্বার্থ, পরিবেশ ও প্রাণ-প্রকৃতিকে অগ্রাহ্য করার বিপজ্জনক প্রবণতা দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন অধ্যাপক আনু মুহাম্মদ। গত সাত মাসে সরকারের কথাবার্তা ও কর্মকাণ্ডে এমন প্রবণতা লক্ষ করা যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।