ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের নাম ও ঠিকানাসহ গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার এ গেজেট প্রকাশের পর তাঁর সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার আনুষ্ঠানিকতা শুরু হবে। এখন শপথ আয়োজনের ব্যবস্থা নেবে সংসদ সচিবালয়।
বৃহস্পতিবার অনুষ্ঠিত উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন মির্জা ফয়সল। তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।
নির্বাচনে ধানের শীষ প্রতীকে মির্জা ফয়সল পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।
এদিকে সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, রোববার এ-সংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষ করে পরদিন তাঁর নির্বাচনের গেজেট প্রকাশ করা হতে পারে।