২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট জাতীয় সংসদে পাস হয়েছে। মঙ্গলবার নির্দিষ্টকরণ বিল, ২০২৬ পাসের মাধ্যমে নতুন অর্থবছরের এই বাজেট অনুমোদন পায়। আগামী ১ জুলাই থেকে বাজেট কার্যকর হবে।
এর আগে সোমবার করমুক্ত আয়সীমা বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে ৬৪টি সংশোধনী গ্রহণের পর অর্থ বিল, ২০২৬ জাতীয় সংসদে পাস হয়।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গত ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। এবারের বাজেটের শিরোনাম ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’।
প্রস্তাবিত বাজেটের আকার বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ১৯ শতাংশ বেশি। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাবে এর আকার ১৩ দশমিক ৭৩ শতাংশ। ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেট ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। সংশোধনের পর তা কমে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকায় দাঁড়ায়।
নির্দিষ্টকরণ বিলে যা থাকছে
নির্দিষ্টকরণ বিল, ২০২৬-এর মাধ্যমে সরকারের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় সংযুক্ত তহবিল থেকে অর্থ প্রদান ও ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
বিলের তফসিল অনুযায়ী, বিভিন্ন কাজের বিপরীতে সংযুক্ত তহবিল থেকে সর্বোচ্চ ১৫ লাখ ১৫ হাজার ৪৩৯ কোটি ৮ লাখ ৩৮ হাজার টাকা ব্যয়ের কর্তৃত্ব পেয়েছে সরকার। এর মধ্যে সংযুক্ত তহবিলের ওপর দায়যুক্ত ব্যয় ৬ লাখ ৮৫ হাজার ২৫ কোটি ৭ লাখ টাকা। সংসদে ভোটে গৃহীত মঞ্জুরি রয়েছে ৮ লাখ ৩০ হাজার ৪১৪ কোটি ১ লাখ ৩৮ হাজার টাকা।
আইনটি আগামী ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, অর্থাৎ ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে।
মঞ্জুরি দাবি ও ছাঁটাই প্রস্তাব
বাজেট অনুমোদনের আগে ২০২৬-২৭ অর্থবছরের দায়যুক্ত ব্যয় ছাড়া অন্যান্য ব্যয়ের মঞ্জুরি দাবির ওপর ভোট অনুষ্ঠিত হয়। মোট ৫৯টি মঞ্জুরি দাবির বিপরীতে ৪৩ জন সংসদ সদস্য ১ হাজার ৩৪৩টি ছাঁটাই প্রস্তাবের নোটিস দিয়েছিলেন।
বিরোধী দলের পক্ষ থেকে ৩৬টি মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন খাতের ছাঁটাই প্রস্তাব আলোচনার জন্য উত্থাপন করা হয়। ৩৩ নম্বর দাবি ভোটের পর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ছাঁটাই প্রস্তাবগুলো প্যাকেজ আকারে প্রত্যাহারের প্রস্তাব দেন।
তিনি বলেন, “আমরা বিরোধী দলের পক্ষ থেকেই মূলত প্রস্তাবগুলো দিয়েছি। আর কোনটায় দেয় নাই, স্বাভাবিকভাবেই এটা একটা রেওয়াজ, রেওয়াজের প্রতি সম্মান রেখেই বলছি, যেহেতু এই রেওয়াজ এবং আলোচনা গ্রহণ হওয়ার সম্ভাবনা নাই, সেই কারণে আমরা মূল্যবান সময়টা বাঁচাইতে পারি কিনা, আমাদের কোনো সুযোগ আছে কি না, ছাঁটাই প্রস্তাবগুলো আমরা প্যাকেজ প্রত্যাহার করে নিলাম তাহলে বোধ হয় কাজটা সহজ হয়।”
এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমার মনে হয় ট্রেজারি বেঞ্চ আপনার এ প্রস্তাব গ্রহণ করেছে।”
স্পিকার জানান, প্রস্তাবগুলো উত্থাপনের পর সংশ্লিষ্ট মন্ত্রী প্রস্তাব দিলে তা সরাসরি ভোটে দেওয়া হবে। পরে ৩৫ নম্বর দাবি থেকে বাকি দাবিগুলোও সরাসরি ভোটে দেওয়া হয়। মঞ্জুরি দাবিগুলো নিষ্পত্তির পর নির্দিষ্টকরণ বিল পাসের মাধ্যমে বাজেট অনুমোদন করে সংসদ।
বড় বরাদ্দ যেসব খাতে
নির্দিষ্টকরণ বিলের তফসিল অনুযায়ী সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে অর্থ বিভাগের জন্য। দায়যুক্ত ব্যয় ও সংসদে অনুমোদিত মঞ্জুরি মিলিয়ে এ খাতে বরাদ্দ ৮ লাখ ৩০ হাজার ৫৫১ কোটি ৯৫ লাখ ৭৪ হাজার টাকা।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জন্য বরাদ্দ ৬৯ হাজার ২৪৮ কোটি ৯১ লাখ ৬২ হাজার টাকা। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য ৫৭ হাজার ৩০১ কোটি ৬৮ লাখ টাকা এবং স্বাস্থ্য সেবা বিভাগের জন্য ৪৯ হাজার ৩৮৬ কোটি ৮৯ লাখ টাকা রাখা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ৪৬ হাজার ৭৩৭ কোটি ৯২ লাখ টাকা, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ৪২ হাজার ৪৯৭ কোটি ৪৫ লাখ ৩৯ হাজার টাকা এবং স্থানীয় সরকার বিভাগে ৪০ হাজার ২৪৫ কোটি ৮৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ৩৬ হাজার ৯১৭ কোটি ৫৫ লাখ টাকা, পরিকল্পনা বিভাগে ৩৬ হাজার ২৫১ কোটি ৩৫ লাখ টাকা এবং খাদ্য মন্ত্রণালয়ে ৩২ হাজার ৪১৪ কোটি ৫৮ লাখ ৪৮ হাজার টাকা রাখা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বরাদ্দ ৩১ হাজার ৯৮ কোটি ৮৮ লাখ ১৫ হাজার টাকা, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ৩০ হাজার ৪৪২ কোটি ৬৬ লাখ টাকা এবং কৃষি মন্ত্রণালয়ে ২৮ হাজার ৮৮১ কোটি ৩৯ লাখ টাকা।
এ ছাড়া বিদ্যুৎ বিভাগে ১৪ হাজার ৯৯৬ কোটি ২ লাখ টাকা, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে ২ হাজার ৩৪৯ কোটি ২ লাখ টাকা, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে ১৮ হাজার ৪৫৭ কোটি টাকা এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ১৩ হাজার ৪৬৫ কোটি ৮৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
উন্নয়ন ও পরিচালন ব্যয়
নতুন অর্থবছরে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ১৬ হাজার ৭৫ কোটি টাকা। বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় এ ব্যয় ৪৭ শতাংশ বেশি। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ৩ লাখ কোটি টাকা।
উন্নয়ন ব্যয় মোট বাজেটের ২৭ দশমিক ২৭ শতাংশ থেকে বাড়িয়ে ৩৩ দশমিক ৭০ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বিপরীতে পরিচালন ব্যয়ের অংশ ৭২ দশমিক ৭৩ শতাংশ থেকে কমিয়ে ৬৬ দশমিক ৩০ শতাংশে নামানোর কথা বলা হয়েছে।
খাদ্য হিসাব, ঋণ ও অগ্রিম, অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ পরিশোধ এবং কাঠামোগত সমন্বয় বাদে পরিচালন ব্যয় ধরা হয়েছে ৬ লাখ ৫ হাজার ৭৪০ কোটি টাকা। এর মধ্যে সরকারের দেশি-বিদেশি ঋণের সুদ পরিশোধে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা এবং সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বাবদ অন্তত ৮৯ হাজার ৩৮০ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে।
রাজস্ব ও বাজেট ঘাটতি
নতুন অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। বিদায়ী অর্থবছরের সংশোধিত লক্ষ্যের তুলনায় এটি ১৮ শতাংশ বেশি। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে আদায়ের লক্ষ্য ৬ লাখ ৪ হাজার কোটি টাকা।
রাজস্ব আয়ের সবচেয়ে বড় অংশ আসবে মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে। এ খাত থেকে ২ লাখ ২৮ হাজার ৯১৫ কোটি টাকা আদায়ের লক্ষ্য রয়েছে। আয়কর ও মুনাফার ওপর কর থেকে ২ লাখ ১৯ হাজার ৮৩৫ কোটি টাকা পাওয়ার আশা করা হচ্ছে।
এ ছাড়া আমদানি শুল্ক থেকে ৬১ হাজার ৯৩৯ কোটি, সম্পূরক শুল্ক থেকে ৮২ হাজার ২৮৩ কোটি, রপ্তানি শুল্ক থেকে ৯৯ কোটি, আবগারি শুল্ক থেকে ৭ হাজার ২৮৫ কোটি এবং অন্যান্য কর ও শুল্ক থেকে ৩ হাজার ৬৪৪ কোটি টাকা আদায়ের পরিকল্পনা রয়েছে। বিদেশি অনুদান থেকে ৬ হাজার ১৫০ কোটি টাকা পাওয়ার আশা করছে সরকার।
আয় ও ব্যয়ের সামগ্রিক ঘাটতি থাকছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ। এই ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য রয়েছে। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি, সঞ্চয়পত্র থেকে ৮ হাজার ৫০০ কোটি এবং অন্যান্য খাত থেকে ৬ হাজার ৫০০ কোটি টাকা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
বিদেশি উৎস থেকে ১ লাখ ৫৫ হাজার ৮৫০ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যও বাজেট প্রস্তাবে রাখা হয়েছে।
প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির লক্ষ্য
বিদায়ী অর্থবছরে অন্তর্বর্তী সরকার ৫ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছিল। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাময়িক হিসাবে ২০২৫-২৬ অর্থবছর শেষে প্রবৃদ্ধি ৪ দশমিক ১৪ শতাংশ হতে পারে।
মূল্যস্ফীতির হার ৯ শতাংশের বেশি থাকায় নতুন অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ৬ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে।
অর্থ বিলে ৬৪ সংশোধনী
বাজেট বাস্তবায়নের জন্য আনা অর্থ বিল, ২০২৬ সোমবার জাতীয় সংসদে পাস হয়। জনমত যাচাইয়ে পাঠানোর প্রস্তাব নাকচ হওয়ার পর বিলের বিভিন্ন দফা ও তফসিলে ৬৪টি সংশোধনী গ্রহণ করা হয়।
সংশোধনীর মাধ্যমে ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করা হয়েছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং শুধু তথ্যপ্রযুক্তি বিষয়ে শিক্ষাদানে নিয়োজিত বেসরকারি কলেজের আয়ের ওপর করহার ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
ব্যাংক হিসাব খোলা, বণ্টননামা দলিল নিবন্ধন ও সম্পত্তি নামজারির ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব বাজেটে ছিল। জনমনে বিভ্রান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে এসব প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে।
বিনা প্রশ্নে ফ্ল্যাট ও প্লটের প্রকৃত মূল্য আয়কর নথিতে দেখানোর সুযোগও প্রত্যাহার করা হয়েছে।
অন্যদিকে ব্যবসা প্রতিষ্ঠানের চলতি হিসাব বা এসটিডি হিসাব খোলা ও পরিচালনা, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ, ট্রেড লাইসেন্স নবায়ন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মার্চেন্ট হিসাব খোলা, বাণিজ্য সংগঠনের সদস্যপদ নেওয়া বা নবায়ন, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ গ্রহণ এবং ব্যবসা প্রতিষ্ঠানের নামে যানবাহন নিবন্ধনের ক্ষেত্রে বিআইএন বা তালিকাভুক্তির প্রমাণক বাধ্যতামূলক করা হয়েছে।
ডিজিটাল বিজ্ঞাপনে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাবও সংশোধনীতে যুক্ত হয়েছে।
নির্দিষ্টকরণ বিল পাসের মধ্য দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট জাতীয় সংসদে চূড়ান্ত অনুমোদন পেল।