শনিবার, 21 নভেম্বর 2026
সকল বিভাগ

মদ-জুয়া, নাইটক্লাবের বিল দেওয়া যাবে না ইসলামিক ক্রেডিট কার্ডে

ইসলামী ধারার ব্যাংকগুলোর ইসলামিক ক্রেডিট কার্ড পরিচালনায় একটি সমন্বিত ও পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে নীতিমালাটি প্রকাশ করা হয়। এর আগে সোমবার নীতিমালা প্রণয়ন করে তা মঙ্গলবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।

মদ-জুয়া, নাইটক্লাবের বিল দেওয়া যাবে না ইসলামিক ক্রেডিট কার্ডে
চিত্র: সংগৃহীত

ইসলামিক ক্রেডিট কার্ড দিয়ে মদ, জুয়া, নাইট ক্লাব ও প্রাপ্তবয়স্কদের বিনোদনমূলক সেবার বিল পরিশোধ করা যাবে না। এসব খাতে লেনদেন বন্ধ রাখতে ব্যাংকগুলোকে সিস্টেম পর্যায়ে ‘মার্চেন্ট ক্যাটাগরি কোড’ ব্লক করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে শরিয়াহবিরোধী ও বেআইনি পণ্য বা সেবা কেনাকাটাতেও এ কার্ড ব্যবহার করা যাবে না।

ইসলামী ধারার ব্যাংকগুলোর ইসলামিক ক্রেডিট কার্ড পরিচালনায় একটি সমন্বিত ও পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে নীতিমালাটি প্রকাশ করা হয়। এর আগে সোমবার নীতিমালা প্রণয়ন করে তা মঙ্গলবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।

নীতিমালায় ইসলামিক ক্রেডিট কার্ডের ব্যবহার, পরিচালনা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং গ্রাহক সুরক্ষার ক্ষেত্রে ব্যাংক ও গ্রাহকের জন্য বিভিন্ন নিয়ম নির্ধারণ করা হয়েছে। কার্ডের কার্যক্রম যাতে সুদমুক্ত ও শরিয়াহসম্মতভাবে পরিচালিত হয়, সে জন্য অনুমোদিত ও নিষিদ্ধ লেনদেনের বিষয়েও স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

নীতিমালা অনুযায়ী, মদ, জুয়া, নাইট ক্লাব, প্রচলিত বীমা কোম্পানি, অবৈধ ডেটিং বা ম্যাচমেকিং এবং শুকরের মাংসসংক্রান্ত ব্যবসাপ্রতিষ্ঠানে ইসলামিক ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে না।

এ কার্ড দিয়ে শরিয়াহবিরোধী বা বেআইনি কোনো পণ্য বা সেবাও কেনা যাবে না। নিষিদ্ধ খাতের ব্যবসাপ্রতিষ্ঠানে লেনদেন ঠেকাতে ব্যাংকগুলোকে তাদের পেমেন্ট সিস্টেমে সংশ্লিষ্ট ‘মার্চেন্ট ক্যাটাগরি কোড’ ব্লক করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশে ইসলামী ব্যাংকিং কার্যক্রম ক্রমাগত বাড়ছে। পাশাপাশি ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ও ইলেকট্রনিক লেনদেনের বিস্তারের কারণে শরিয়াহসম্মত পেমেন্ট ইন্সট্রুমেন্টের চাহিদাও বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, শরিয়াহসম্মত কার্ডভিত্তিক পেমেন্ট সেবা সহজতর করা এবং ইসলামিক ক্রেডিট কার্ডের কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও দক্ষভাবে পরিচালনা নিশ্চিত করার জন্য ব্যাংকগুলোর ক্ষেত্রে একটি সমন্বিত ও পূর্ণাঙ্গ নিয়ন্ত্রক কাঠামো প্রয়োজন।

এ কারণে ব্যাংকগুলোর ইসলামিক ক্রেডিট কার্ড কার্যক্রমের জন্য ‘ইসলামী ক্রেডিট কার্ড কার্যক্রমের নির্দেশিকা’ প্রণয়ন করেছে কেন্দ্রীয় ব্যাংক। শরিয়াহসম্মত পেমেন্ট ইন্সট্রুমেন্টের প্রসার, ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী করা, গ্রাহকের অধিকার সুরক্ষা এবং কার্যক্রমে শরিয়াহসম্মতি নিশ্চিত করার বিষয়গুলো এতে বিবেচনায় নেওয়া হয়েছে।

ইসলামী ব্যাংক, আল–আরাফাহ্‌ ইসলামী ব্যাংকসহ কয়েকটি ব্যাংক বর্তমানে ইসলামিক ক্রেডিট কার্ড সেবা দিচ্ছে।

নতুন নির্দেশিকাটি ইসলামিক ক্রেডিট কার্ড সেবা দেওয়া ব্যাংকগুলোর জন্য নিয়ন্ত্রক কাঠামো হিসেবে কাজ করবে। বাংলাদেশ ব্যাংকের সময় সময় জারি করা অন্যান্য প্রযোজ্য আইন, বিধি, প্রবিধান ও নির্দেশনার পাশাপাশি ব্যাংকগুলোকে এই নির্দেশিকাও অনুসরণ করতে হবে।

নীতিমালায় বলা হয়েছে, ইসলামিক ক্রেডিট কার্ড সেবা প্রদানকারী ব্যাংকগুলোকে নিশ্চিত করতে হবে যে তাদের সব পণ্য, চুক্তি, লেনদেন, ফি, চার্জ, কার্যক্রম পরিচালনার প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম ইসলামী শরিয়াহর নীতি ও বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

একই সঙ্গে এসব কার্যক্রম পরিচালনায় নির্দেশিকায় নির্ধারিত নিয়মও অনুসরণ করতে হবে।

ব্যাংকগুলোকে ইসলামিক ক্রেডিট কার্ড কার্যক্রমে যথাযথ শরিয়াহ্‌ গভর্ন্যান্স, ঝুঁকি ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে। এর পাশাপাশি হিসাব ও তথ্য প্রকাশ এবং গ্রাহক সুরক্ষার ব্যবস্থাও যথাযথভাবে কার্যকর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, নতুন এই নিয়ন্ত্রক কাঠামোর মাধ্যমে শরিয়াহসম্মত পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণের পাশাপাশি ইসলামিক ক্রেডিট কার্ডের কার্যক্রম আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও দক্ষভাবে পরিচালনার সুযোগ তৈরি হবে।