মঙ্গলবার, 17 নভেম্বর 2026
সকল বিভাগ

গ্রাহকের ৩৫ লাখ টাকা গায়েবের পর ই-ওয়ালেট ব্যবহারে সতর্ক থাকার আহ্বান

ডিজিটাল লেনদেনে প্রতারণা এড়াতে সোনালী ব্যাংকের ই-ওয়ালেট ব্যবহারকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। গ্রাহকদের অ্যাপের পিন, ওয়ালেটের পাসওয়ার্ড, পিন নম্বর, ওটিপি ও এসএমএসের তথ্য অন্য কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

গ্রাহকের ৩৫ লাখ টাকা গায়েবের পর ই-ওয়ালেট ব্যবহারে সতর্ক থাকার আহ্বান

ডিজিটাল লেনদেনে প্রতারণা এড়াতে সোনালী ব্যাংকের ই-ওয়ালেট ব্যবহারকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। গ্রাহকদের অ্যাপের পিন, ওয়ালেটের পাসওয়ার্ড, পিন নম্বর, ওটিপি ও এসএমএসের তথ্য অন্য কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাংকের সব পর্যায়ের গ্রাহকদের এ সতর্কবার্তা দিয়েছেন সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শওকত আলী খান।

সম্প্রতি ব্যাংকটির সিলেটের কোর্ট বিল্ডিং শাখার এক গ্রাহকের হিসাব থেকে প্রতারণার মাধ্যমে ৩৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ব্যাংককে দায়ী করে বিভ্রান্তিকর সংবাদ ও তথ্য ছড়িয়ে পড়ে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর ঘটনার তদন্ত শুরু করে ব্যাংক।

ওই গ্রাহক প্রথমে দাবি করেছিলেন, তিনি সোনালী ই-ওয়ালেটের মাধ্যমে কোনো লেনদেন করেননি। তবে প্রাথমিক তদন্তে জানা যায়, তাঁর মোবাইল ফোনে সোনালী ই-ওয়ালেট অ্যাপ ব্যবহার করা হতো। একই ফোন পরিবারের অন্য সদস্যরাও ব্যবহার করতেন। ওই ফোনে থাকা ই-ওয়ালেট অ্যাপের মাধ্যমে একাধিক লেনদেন করে ৩৫ লাখ টাকা বিভিন্ন হিসাবে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান বলেন, ব্যাংকের যেকোনো ডিজিটাল সেবা চালুর সময় গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক স্তরের ব্যবস্থা রাখা হয়। ডিজিটাল লেনদেনের ক্ষেত্রেও মাল্টিলেয়ার ভেরিফিকেশন বা কয়েক ধাপে পরিচয় যাচাইয়ের ব্যবস্থা রয়েছে।

তিনি বলেন, একজনের ই-ওয়ালেট ব্যবহার করে অন্য কারও টাকা হাতিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। গ্রাহকের অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে ই-ওয়ালেট অ্যাপের পিন, ওয়ালেটের পাসওয়ার্ড, পিন নম্বর, যেকোনো ওটিপি এবং এসএমএসের তথ্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না।

ডিজিটাল লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গ্রাহককেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

শওকত আলী খান আরও বলেন, সব শ্রেণির গ্রাহকের আমানতের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সোনালী ব্যাংক সব সময় প্রতিশ্রুতিবদ্ধ।