বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কৌশল পরিবর্তন করে দেওয়ানি মামলা করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ধরনের ৪০টি মামলা করা হয়েছে। এর মধ্যে ছয়টি মামলার অগ্রগতি হয়েছে। তবে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে আরও পাঁচ থেকে ১০ বছর সময় লাগতে পারে বলে মনে করছেন স্টোলেন অ্যাসেট রিকোভারি টাস্কফোর্সের উপদেষ্টা ফরহানুল গনি চৌধুরী।
সোমবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফরহানুল গনি। তিনি বলেন, “আগে শুধু ক্রিমিনাল কেইস করা হত। এখন আমরা সিভিল কেইসও করছি। নতুন করে অর্থপাচার বিষয়ে মোট ৪০টি মামলা করা হয়েছে। এসব মামলা দেওয়ানি হিসেবে করা হয়। পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিদেশি একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে দেশের তফসিলি ব্যাংকগুলো। এই চুক্তি তদারকি করছে আর্থিক গোয়েন্দা সংস্থা ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও স্টোলেন অ্যাসেট রিকোভারি টাস্কফোর্স।”
চুক্তি অনুযায়ী, পাচার হওয়া অর্থ ফেরত আনতে পারলে কমিশন পাবে বিদেশি প্রতিষ্ঠানগুলো। ফরহানুল গনি চৌধুরীর দাবি, সর্বশেষ চুক্তিবদ্ধ বিদেশি প্রতিষ্ঠানগুলোর সহায়তায় সিকদার গ্রুপের পাচার হওয়া অর্থের মধ্যে ৫০ কোটি ডলার শনাক্ত করতে পেরেছে বিএফআইইউ।
ওই অর্থ ফেরত আনতে ইতিমধ্যে চুক্তি করেছে একীভূত সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে থাকা শরিয়াহভিত্তিক এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত জনতা ও অগ্রণী ব্যাংক এবং বেসরকারি ন্যাশনাল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, আইএফআইসি ও এবি ব্যাংকও চুক্তি করেছে।
ফরহানুল গনি বলেন, “বিদেশি প্রতিষ্ঠান, সরকার ও বিভিন্ন সংস্থার কাছে এসব ব্যক্তি ও গ্রুপের খেলাপি ঋণের তথ্য দেওয়া হয়েছে।”
খেলাপি ঋণের তথ্য দেওয়ায় পাচার হওয়া অর্থ শনাক্তের প্রক্রিয়া অনেক সহজ হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, “ব্যাংকগুলোর খেলাপি ঋণের তথ্য দেওয়াতে বিদেশি প্রতিষ্ঠানগুলো ধারণা করতে পারছে কি পরিমাণ অর্থ পাচার হতে পারে।”
অর্থ ফেরত আনার প্রক্রিয়া দীর্ঘ ও জটিল উল্লেখ করে ফরহানুল গনি বলেন, ‘‘অর্থে ফেরত আনাটা দীর্ঘ ও জটিল ব্যাপার। আমরা গত দুই বছরে অনেক কিছুই জানতে পেরেছি। যেহেতু এটা বাংলাদেশের কাছে নতুন ও যারা টাকা এনে দেবেন তাদের কাছেও নতুন বিষয়, তারা তো বাংলাদেশকে জানেন না। এ জন্য সময় লাগবে।”
দেশের ব্যাংক খাত থেকে যেভাবে অর্থ বিদেশে সরিয়ে নেওয়া হয়েছে, বিশ্বে এমন নজির বিরল বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ধারণা, ব্যাংক খাত থেকে অর্থ পাচারের ঘটনায় বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানেও থাকতে পারে।
২০২৪ সালে অর্থপাচারের ঘটনাগুলো তদন্ত করতে বাংলাদেশ ব্যাংক এই টাস্কফোর্স গঠন করে। শুরুতে অগ্রাধিকার ভিত্তিতে ১১টি গ্রুপের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রথম ধাপে শুধু ফৌজদারি মামলা করা হয়েছিল। পরে দেওয়ানি মামলা শুরু করে টাস্কফোর্স। প্রথম দিকে বড় অঙ্কের অর্থ পাচারের ঘটনায় এসব মামলা করা হলেও পরে ২০০ কোটি টাকার বেশি অর্থ সরানোর ঘটনাও মামলার আওতায় আনা হয়। দ্বিতীয় ধাপে মোট ৪০টি দেওয়ানি মামলা করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান ফরহানুল গনি।
সাবেক ভূমিমন্ত্রীর সম্পদ শনাক্ত
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিভিন্ন দেশে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থের সন্ধান পেয়েছে টাস্কফোর্স। এর মধ্যে কিছু অর্থ সাময়িকভাবে অবরুদ্ধও করা হয়েছে।
অবরুদ্ধ অর্থের পরিমাণ জানতে চাইলে নির্দিষ্ট কোনো অঙ্ক জানাননি ফরহানুল গনি। তিনি বলেন, “পাচারকারীরা বিভিন্ন লেয়ারে অর্থ রাখেন। বাংলাদেশ থেকে এত হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে, তারা অলরেডি এই দুই বছর কেনো, সবসময় লেয়ারিং এর মধ্যেই আছে। প্রতিনিয়ত তারা এক স্থান থেকে সড়িয়ে আরেক দেশে অর্থ নিয়ে যান। এখন সেই তথ্য প্রকাশ হলে টাকা আরেক দেশে চলে যাবে।”
পাচারকারীরা অর্থ সরানোর স্তর বাড়ালে তা উদ্ধার আরও জটিল ও সময়সাপেক্ষ হয়ে পড়ে বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগ সরকারের সময় ভূমিমন্ত্রীর দায়িত্বে থাকা সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা ২৫ কোটি পাউন্ড সমপরিমাণ সম্পদ দেশটির সরকার অবরুদ্ধ করেছে। ব্রিটিশ সরকারের প্রতিনিধিসহ বিভিন্ন মাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়েছে। বর্তমানে স্থানীয় মুদ্রায় ওই সম্পদের পরিমাণ ৪ হাজার ১২৫ কোটি টাকার বেশি বলে জানান টাস্কফোর্সের উপদেষ্টা।
অন্যদিকে, অর্থপাচারের আরেকটি ঘটনায় বাংলাদেশ থেকে প্রয়োজনীয় তথ্য দিতে দেরি হওয়ায় যুক্তরাজ্যে অবরুদ্ধ থাকা ২ কোটি ৫০ লাখ ডলার, যা স্থানীয় মুদ্রায় প্রায় ৩১০ কোটি টাকা, পরে অবরুদ্ধের আদেশ তুলে নেয় দেশটির সরকার। এরপর ওই অর্থ অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিএফআইইউর পরিচালক সৈয়দ মাহবুব আলম বলেন, ‘‘যেই অর্থটা বিদেশে ফ্রিজ করা ছিল, এটা হচ্ছে সাময়িক সময়ের জন্য। একটা নির্দিষ্ট তারিখে। ওই নির্দিষ্ট তারিখে আমরা আমাদের প্রসিডিউর করেছি। কিন্তু অনাকাঙ্খিতভাবে ওই ৩০ দিনের মাথায় টাকাটা আরেক দেশে পাচার হয়ে গেছে। তারপরও আমরা ওই টাকার পিছনে আছি। ইনশাআল্লাহ একটা কিছু ভবিষ্যতে হবে।’’
বেসরকারি ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরীর নামে থাকা ৩১০ কোটি টাকার সম্পদ এক মাসের জন্য সাময়িকভাবে অবরুদ্ধ করেছিল যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। পরে বাংলাদেশকে আরও প্রমাণ দেওয়ার জন্য সময় দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রমাণ দিতে না পারায় যুক্তরাজ্য সরকার অবরুদ্ধের আদেশ তুলে নেয়।