বুধবার, 18 নভেম্বর 2026
সকল বিভাগ

ভার্চুয়াল বট ও গোপন নেটওয়ার্কের সহায়তায় রাষ্ট্রবিরোধী মিথ্যাচার চালানো হচ্ছে: চিফ হুইপ

'স্বৈরাচারের সময় ‘আল্লাহু আকবার’ ধ্বনি নিষিদ্ধ করা হয়েছিল। আগামীতে সংবিধান সংস্কারের সময় সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ যথাযথভাবে ফিরিয়ে আনা হবে।’

ভার্চুয়াল বট ও গোপন নেটওয়ার্কের সহায়তায় রাষ্ট্রবিরোধী মিথ্যাচার চালানো হচ্ছে: চিফ হুইপ
সামাজিক যোগাযোগমাধ্যমে বট ও গুপ্ত বাহিনীর মাধ্যমে সরকারের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি। একই সঙ্গে ধর্মের লেবাস ব্যবহার করে কেউ যাতে দেশকে অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। এদিন সকালে তিনি দলটির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং ফাতেহা পাঠ ও জিয়ারত করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নূরুল ইসলাম মনি বিগত শাসনব্যবস্থার সমালোচনা করে বলেন, ‘স্বৈরাচারের সময় ‘আল্লাহু আকবার’ ধ্বনি নিষিদ্ধ করা হয়েছিল। আগামীতে সংবিধান সংস্কারের সময় সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ যথাযথভাবে ফিরিয়ে আনা হবে।’

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে চিফ হুইপ অভিযোগ করেন, কিছু স্বার্থান্বেষী মহল পাশের দেশে অবস্থান করে বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর পাঁয়তারা চালাচ্ছে।

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি স্পষ্ট জানান, দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা এবং সমাজে আইনের শাসন সুসংহত করতে সরকার যেকোনো ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণে পিছপা হবে না।