মঙ্গলবার, 10 নভেম্বর 2026
সকল বিভাগ

নাশকতায় জড়িতদের ধরিয়ে দিতে ২০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

বাসে অগ্নিসংযোগ, ককটেল নিক্ষেপ ও নাশকতায় জড়িত ব্যক্তিদের পুলিশের হাতে তুলে দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এ ধরনের অপরাধে জড়িতদের ধরিয়ে দিতে পারলে প্রত্যেককে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

নাশকতায় জড়িতদের ধরিয়ে দিতে ২০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

বাসে অগ্নিসংযোগ, ককটেল নিক্ষেপ ও নাশকতায় জড়িত ব্যক্তিদের পুলিশের হাতে তুলে দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এ ধরনের অপরাধে জড়িতদের ধরিয়ে দিতে পারলে প্রত্যেককে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ৭ নভেম্বর উপলক্ষে গণঅধিকার পরিষদের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

নুর বলেন, নাশকতায় জড়িতদের পাশাপাশি কারা তাদের সহযোগিতা করছে, সেই তথ্যও পুলিশকে দিতে হবে। জনগণের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া বাংলাদেশকে স্থিতিশীল রাষ্ট্রে পরিণত করা সম্ভব নয়।

৭ নভেম্বরের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সেদিন সিপাহি-জনতা জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত না করলে দেশের ইতিহাস ভিন্ন হতে পারত এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকিতে পড়ার আশঙ্কা ছিল। মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক সামরিক কর্মকর্তা ও সচেতন জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আধিপত্যবাদী তৎপরতা প্রতিহত হয়েছিল। তাই দিনটি জাতীয় ঐক্য ও সংহতির প্রতীক।

জিয়াউর রহমানকে ৩ নভেম্বরের জেলহত্যাকাণ্ডের জন্য দায়ী করার রাজনৈতিক বক্তব্য সঠিক নয় দাবি করে নুর বলেন, ওই সময় জিয়া বন্দি ছিলেন। শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পরও তিনি সেনাপ্রধান বা রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন না। আওয়ামী লীগ রাজনৈতিক উদ্দেশ্যে বিকৃত ইতিহাস প্রচার করে জাতিকে বিভক্ত করেছে বলে অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগের দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে নুর বলেন, ৫ আগস্টের পর দলটির কার্যকর রাজনৈতিক অস্তিত্ব নেই। গত দুই বছরে উল্লেখযোগ্য প্রতিবাদ বা সাংগঠনিক তৎপরতাও দেখা যায়নি। তাই আগস্ট বা ডিসেম্বরে দলটির ফিরে আসার বক্তব্য হাস্যকর ও বিভ্রান্তিকর। গণমাধ্যমে আলোচনা ও টকশোর মাধ্যমে দলটিকে অযথা আলোচনায় রাখা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের প্রসঙ্গ টেনে নুর বলেন, জনগণের সমর্থন নিয়েই সরকার ক্ষমতায় এসেছে। অপশক্তি মোকাবিলায় জনগণকে সঙ্গে রাখতে হবে। জামায়াত ও এনসিপিসহ বিরোধী দলগুলোর উদ্দেশে তিনি বলেন, শুধু বক্তব্য-বিবৃতি নয়, প্রতিটি জেলা ও উপজেলায় পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে কর্মসূচি পালন করতে হবে।

স্থানীয় সরকার নির্বাচনের হিসাব-নিকাশে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিতে বিরোধীদের অনীহার সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনী সুবিধার জন্য কেউ আওয়ামী লীগের বিরোধিতা না করলে ভবিষ্যতে তারাই ক্ষতিগ্রস্ত হবে। তাঁর ভাষায়, ‘খাল কেটে কুমির আনবেন, সেই কুমির আপনাদেরই খাবে, বিএনপিকে খাবে না।’ গত ১৭ বছরেও নানা চেষ্টা করে বিএনপিকে নিশ্চিহ্ন করা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।

শ্রমিকদের অধিকার প্রসঙ্গে নুর বলেন, শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার ন্যূনতম মজুরি বোর্ড গঠন করেছে। বেতন নিশ্চিত করার পাশাপাশি শ্রমিকদের স্বাস্থ্যসেবা ও পরিবারের জন্য রেশনিং ব্যবস্থা চালুর বিষয়েও সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

ঢাকার ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, যানজট ও জনদুর্ভোগ কমাতে অবৈধ দখল উচ্ছেদের পাশাপাশি হকারদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। জনস্বার্থে এ ধরনের উদ্যোগে বিরোধী দলগুলোর সমর্থন দেওয়া উচিত। সরকারের সব কাজের বিরোধিতা না করে ভালো উদ্যোগে প্রশংসা ও সহযোগিতা করা প্রয়োজন।