শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

‘ভোট চুরি’ নিয়ে উত্তাল ভারত, সোমবার প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ রাহুল-খাড়গের

ভারতে নির্বাচন নিয়ে বিতর্ক এবং গণতান্ত্রিক পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ জানাতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও দলটির সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সোমবার বিকেলে তাঁদের সঙ্গে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র অন্য প্রতিনিধিদেরও প্রধান বিচারপতির সাক্ষাৎ করার কথা রয়েছে।

‘ভোট চুরি’ নিয়ে উত্তাল ভারত, সোমবার প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ রাহুল-খাড়গের
ছবি: সংগৃহীত

ভারতে নির্বাচন নিয়ে বিতর্ক এবং গণতান্ত্রিক পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ জানাতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও দলটির সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সোমবার বিকেলে তাঁদের সঙ্গে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র অন্য প্রতিনিধিদেরও প্রধান বিচারপতির সাক্ষাৎ করার কথা রয়েছে।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানী দিল্লিতে বিরোধীদের আন্দোলন চলছে। এর মধ্যেই রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানানোর পর এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে নিজেদের বক্তব্য তুলে ধরতে চাইছে বিরোধী জোট।

নির্বাচনকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের বিরোধ এখন আর রাজনৈতিক সভা, মিছিল কিংবা সংসদের বিতর্কে সীমাবদ্ধ নেই। অভিযোগের বিষয়ে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে বিরোধীরা।

এই উদ্যোগের অংশ হিসেবে সোমবার বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে বৈঠকের কথা রয়েছে রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গের। দ্য হিন্দু ও আনন্দবাজার পত্রিকাসহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

তবে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র পক্ষ থেকে আর কারা প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করবেন, তা এখনো জানা যায়নি।

কংগ্রেস সভাপতি খাড়গে জানিয়েছেন, ‘ভোট চুরি’ এবং দেশে ‘অঘোষিত জরুরি অবস্থা’ নিয়ে তাঁদের উদ্বেগের কথা প্রধান বিচারপতিকে জানাবেন তাঁরা। খাড়গে বলেন, “আমরা তার (প্রধান বিচারপতি) কাছে কিছু দাবি করব না। কেবল জোড়হাত করে অনুরোধ করব।”

খাড়গে আরও জানান, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের জন্য চিঠি দিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সেই চিঠির ভিত্তিতে সোমবার বিকেলে প্রধান বিচারপতি বিরোধী জোটের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে ঠিক হয়েছে।

‘ইন্ডিয়া’র পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি জমা দেবেন বিরোধী জোটের প্রতিনিধিরা।

প্রাথমিকভাবে জানা গেছে, রাষ্ট্রপতি ভবনে যাওয়া প্রতিনিধিদলটিই প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতে অংশ নিতে পারে। ওই দলে রাহুল গান্ধীর পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিপিএমের সাধারণ সম্পাদকের থাকার কথা রয়েছে।

শনিবার কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল জানান, সোমবার দিল্লিতে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচি পালন করবে ‘ইন্ডিয়া’। কর্মসূচির ধরন কী হবে, তা তখনো স্পষ্ট করেনি বিরোধী জোট। তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের আগ্রহের কথা শনিবারও জানিয়েছিলেন বেণুগোপাল।

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলন জোরদার করতে গত মঙ্গলবার রাস্তায় নেমেছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী নেতারা। ‘ইন্ডিয়া’র সংসদ সদস্যদের নির্বাচন সদন অভিযান ঘিরে দিনভর উত্তাল ছিল দিল্লি। পরে গত শুক্রবার রাষ্ট্রপতি ভবনে যান বিরোধী জোটের প্রতিনিধিরা।

ওই দিন জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ জানাতে ‘ইন্ডিয়া’র ১০ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে। সেই দলে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

বিরোধীদের এই তৎপরতার একটি গুরুত্বপূর্ণ দিক হলো, একই অভিযোগ নিয়ে একের পর এক সাংবিধানিক প্রতিষ্ঠানের কাছে যাওয়া। শুক্রবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর নিজেদের বক্তব্য তাঁর কাছে পৌঁছে দিতে পেরেছেন বলে সন্তোষ প্রকাশ করেছিলেন বিরোধী নেতারা। এবার প্রধান বিচারপতির সঙ্গে আলোচনার মাধ্যমে সেই প্রচেষ্টা আরও এগিয়ে নিতে চাইছে জোটটি।