মঙ্গলবার, 17 নভেম্বর 2026
সকল বিভাগ

হাতকড়া, হেলমেট ও ভেস্ট পরিয়ে ট্রাইব্যুনালে হাজির জিয়াউল আহসানসহ অন্য আসামিরা

মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরিয়ে, মাথায় হেলমেট ও বুকে ভেস্ট পরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। একই মামলার অন্য আসামিদেরও সোমবার একইভাবে ট্রাইব্যুনালে আনা হয়।

হাতকড়া, হেলমেট ও ভেস্ট পরিয়ে ট্রাইব্যুনালে হাজির জিয়াউল আহসানসহ অন্য আসামিরা
ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরিয়ে, মাথায় হেলমেট ও বুকে ভেস্ট পরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। একই মামলার অন্য আসামিদেরও সোমবার একইভাবে ট্রাইব্যুনালে আনা হয়।

এর আগে গত বৃহস্পতিবার জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করার সময় তাঁর হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও বুকে ভেস্ট ছিল না। চোখে ছিল কালো চশমা। ওই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। বিষয়টি নিয়ে রোববার জাতীয় সংসদে প্রশ্ন তোলেন গুমের শিকার বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর। পরে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না।

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার ট্রাইব্যুনাল-২-এ শুনানি হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদসহ এ মামলায় আসামি ৪১ জন। গ্রেপ্তার ১১ আসামির একজন জিয়াউল আহসান।

দুপুর ১২টার দিকে পুলিশের একটি ভ্যানে করে জিয়াউল আহসানকে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয়। তখন তাঁর দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো, মাথায় হেলমেট ও বুকে ভেস্ট দেখা যায়। পরে তাঁকে প্রিজনভ্যান থেকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

সাবেক মন্ত্রী শামসুল হক টুকুসহ মামলার অন্য আসামিদেরও দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরিয়ে, মাথায় হেলমেট ও বুকে ভেস্ট পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বেলা পৌনে একটার দিকে তাঁদের সঙ্গে জিয়াউল আহসানকেও এজলাসে তোলা হয়। তখনো তাঁর হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও বুকে ভেস্ট ছিল। শুনানি চলার সময় জিয়াউলসহ অন্য আসামিদের এসব সরিয়ে নেওয়া হয়।

এজলাসে হাজির করার সময় জিয়াউল আহসানের পাশাপাশি মামলার অন্য আসামিদের মধ্যে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, সাবেক প্রতিমন্ত্রী মো. শামসুল হক (টুকু), সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি মোহা. আবদুল জলিল মণ্ডল ও একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুর হাতেও হাতকড়া ছিল। তাঁদের মাথায় হেলমেট ও বুকে ভেস্ট পরানো ছিল।

শুনানি শেষে বেলা আড়াইটার দিকে আসামিদের এজলাসের কাঠগড়া থেকে হাজতখানায় নেওয়া হয়। তখন অন্য আসামিদের হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও বুকে ভেস্ট ছিল না। তবে জিয়াউল আহসানের দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো অবস্থায় তাঁকে হাজতখানায় নেওয়া হয়।

‘এই নির্যাতনের তীব্র প্রতিবাদ করছি’: লতিফ সিদ্দিকী

হাজতখানা থেকে এজলাসের কাঠগড়ায় নেওয়ার সময় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো হয়। তাঁর মাথায় হেলমেট ও বুকে ভেস্টও ছিল।

এজলাসে নেওয়ার সময় লতিফ সিদ্দিকী বলেন, ‘আমি এই নির্যাতনের তীব্র প্রতিবাদ করছি। এই অন্যায়ের প্রতিবাদ করছি।’

জিয়াউল হাতকড়া পরতে চাননি: চিফ প্রসিকিউটর

কারাগার থেকে ট্রাইব্যুনালে আনার সময় জিয়াউল আহসান হাতকড়া পরতে চাননি বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সোমবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে তিনি বলেন, পুলিশের সঙ্গে জিয়াউল দুর্ব্যবহার করেছেন।

আমিনুল ইসলাম বলেন, শেষ পর্যন্ত পুলিশ জিয়াউলকে যেকোনোভাবে প্রিজনভ্যানে এনেছে। ওই ভ্যানে অন্য আসামিরাও ছিলেন। তাঁর ধারণা, জিয়াউলের নিরাপত্তা নিশ্চিত করতে কারা কর্তৃপক্ষ সবাইকে একই পদ্ধতিতে ট্রাইব্যুনালে হাজির করেছে।

চিফ প্রসিকিউটর বলেন, সোমবার ট্রাইব্যুনালে জিয়াউলকে সম্পূর্ণ সুস্থ দেখা গেছে। অথচ সকালে তিনি অসুস্থতার ভান করেছেন বলে অভিযোগ করেন আমিনুল ইসলাম।

তিনি বলেন, ‘এসব জিয়াউল আহসানের গভীর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে আজকের এই নাটকীয়তা। এ কারণে আদালতের কার্যক্রম অন্তত দুই ঘণ্টা অকারণে বিলম্ব হয়েছে।’

জিয়াউলের বোনের বিরুদ্ধে অভিযোগ

ব্রিফিংয়ে জিয়াউল আহসানের বোন ও তাঁর আইনজীবী নাজনীন আক্তারের বিরুদ্ধেও অভিযোগ করেন চিফ প্রসিকিউটর। আমিনুল ইসলাম বলেন, আগের শুনানির দিন নাজনীন কর্তব্যরত পুলিশ সদস্যদের হুমকি দিয়েছিলেন। রাস্তায় যেন কোনো গন্ডগোল না হয়, সে কথা বলে তিনি অযথা ‘সিনক্রিয়েট’ করার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেন তিনি।

চিফ প্রসিকিউটরের ভাষ্য, জিয়াউল আহসানের বোনের সঙ্গে কাজ করা এক তরুণ মোবাইলে এসব ঘটনা ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেন, পরে তা ছড়িয়ে পড়ে। নাজনীন আক্তারের বিরুদ্ধে ভবিষ্যতে লিখিত আবেদন করার কথা ভাবা হচ্ছে বলেও জানান তিনি।

নাজনীন আদালতের কার্যক্রম বাধাগ্রস্ত করতে বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করে আমিনুল ইসলাম বলেন, ভবিষ্যতেও এ ধরনের আচরণ অব্যাহত থাকলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া বিকল্প থাকবে না।

ইউটিউবার সাংবাদিকদের অনুমতি না দেওয়ার ইঙ্গিত

ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, ভবিষ্যতে মূলধারার সাংবাদিকদের বাইরে কোনো ইউটিউবার সাংবাদিককে ট্রাইব্যুনালে প্রবেশের অনুমতি না-ও দেওয়া হতে পারে।

আমিনুল ইসলামের অভিযোগ, কিছু ইউটিউবার সাংবাদিক বিভিন্ন বিষয়ের খণ্ডিত চিত্র ধারণ করে তা ছড়িয়ে দেন। এতে ট্রাইব্যুনালের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এ ধরনের ব্যক্তিদের তাঁরা চিহ্নিত করছেন এবং ইতিমধ্যে অনেকের নামও পেয়েছেন বলে জানান তিনি।

তিনি বলেন, ভবিষ্যতে কেউ একই ধরনের কাজ করে ট্রাইব্যুনালের কার্যক্রম বা ভাবমূর্তি ক্ষুণ্ন করলে তাঁকে আর ছাড় দেওয়া হবে না।