বৃহস্পতিবার, 19 নভেম্বর 2026
সকল বিভাগ

৫ মেয়ে নিয়ে অভাবের সংসার, ১ মাসের ব্যবধানে মা-বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাধানগর গ্রামের নিজ বাড়ির একটি কক্ষ থেকে আবুল কালামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন স্বজনেরা। পরে তাঁকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

৫ মেয়ে নিয়ে অভাবের সংসার, ১ মাসের ব্যবধানে মা-বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার
চিত্র: সংগৃহীত

ঢাকার দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের রাধানগর গ্রামে এক মাসের ব্যবধানে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গত ২৮ আগস্ট স্ত্রী ফরিদা বেগমের মৃত্যুর পর আজ মঙ্গলবার দুপুরে নিজ ঘর থেকে কৃষক স্বামী আবুল কালাম আজাদের (৫০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন স্বজনেরা। পাঁচ মেয়েকে রেখে গেছেন এই দম্পতি। তাঁদের মধ্যে একজনের বিয়ে হয়েছে। অন্য মেয়েদের ভবিষ্যৎ নিয়ে এখন দুশ্চিন্তায় স্বজনেরা।

আবুল কালাম রাধানগর গ্রামের ওয়াহাব মাতবরের ছেলে। স্থানীয় বাসিন্দারা জানান, কৃষিকাজ করে সংসার চালাতেন তিনি। তবে পরিবারটিতে দীর্ঘদিন ধরে অভাব-অনটন ছিল।

গত ২৮ আগস্ট একই বাড়িতে ফরিদা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের ভাষ্য, স্ত্রীর মৃত্যুর পর আবুল কালাম মানসিকভাবে ভেঙে পড়েন। এরপর থেকে তিনি অনেকটা চুপচাপ থাকতেন।

তালাবদ্ধ ঘর থেকে মরদেহ উদ্ধার

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাধানগর গ্রামের নিজ বাড়ির একটি কক্ষ থেকে আবুল কালামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন স্বজনেরা। পরে তাঁকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দোহার থানার উপপরিদর্শক (এসআই) প্রসাদ কুমার চাকী বলেন, সুরতহাল শেষে আবুল কালাম আজাদের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে।

এক মাসের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু

স্থানীয় বাসিন্দারা জানান, আবুল কালাম ও ফরিদা বেগমের পাঁচ মেয়ের মধ্যে একজনের বিয়ে হয়েছে। অন্যদের মধ্যে একজনের বয়স পাঁচ বছর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আবুল কালাম। স্ত্রীর মৃত্যুর পর তাঁর ওপর পরিবারের দায়িত্ব আরও বেড়ে যায়।

আবুল কালামের ভাই শুকুর আলী বলেন, অভাবের তাড়নায় এক মাস আগে কালামের স্ত্রী ফরিদা বেগমও একইভাবে না ফেরার দেশে চলে গেছেন। একই পথে হাঁটলেন ভাই আবুল কালামও। তাঁদের ঘরে পাঁচ কন্যাসন্তানের মধ্যে একজনের বিয়ে হয়েছে। এ অবস্থায় মেয়েগুলোর কী উপায় হবে, আল্লাহই জানেন বলে কাঁদতে থাকেন শুকুর আলী।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, স্ত্রীর ঠিক ৩১ দিন পরে স্বামী একইভাবে গলায় ফাঁস দিয়ে মারা যান। মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।