শনিবার, 28 নভেম্বর 2026
সকল বিভাগ

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত, রাজধানীতে সড়ক অবরোধ

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ওঠার পর পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা। এতে বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত, রাজধানীতে সড়ক অবরোধ

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ওঠার পর পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা। এতে বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

শনিবার (১০ অক্টোবর) বেলা ১২টার দিকে মিরপুর বাঙলা কলেজের সামনে, মতিঝিলে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ের সামনে, আসাদগেটের আড়ং মোড় ও নীলক্ষেত মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা।

চাকরিপ্রার্থীদের ভাষ্য অনুযায়ী, শনিবার সকাল ১১টায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ১১তম গ্রেডের ২৪২টি পদের বিপরীতে আবেদন করেছিলেন তিন লাখের বেশি প্রার্থী। পরীক্ষা আয়োজনের জন্য ঢাকায় প্রায় ১০০টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছিল।

পরীক্ষার আগের রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি পোস্টে প্রশ্নফাঁসের অভিযোগ তোলা হয়। পোস্টটিতে দাবি করা হয়, নিয়োগ পরীক্ষা কমিটির দায়িত্বে থাকা এক কর্মকর্তা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত। তাঁর এক আত্মীয়ের সহযোগিতায় প্রার্থীদের সঙ্গে জনপ্রতি গড়ে প্রায় ২৫ লাখ টাকার চুক্তি করে প্রশ্নপত্র সরবরাহের পরিকল্পনা করা হয়েছিল বলেও অভিযোগ করা হয়।

এ অভিযোগ ছড়িয়ে পড়ার পর নিয়োগ পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। পরে শনিবার সকালে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত করে যুব উন্নয়ন অধিদপ্তর।

পরীক্ষা স্থগিতের খবরের পর প্রশ্নফাঁসের অভিযোগের প্রতিবাদে বিক্ষোভে নামেন চাকরিপ্রার্থীরা। বেলা ১২টার দিকে টেকনিক্যাল মোড়সংলগ্ন মিরপুর বাঙলা কলেজের সামনে সড়ক অবরোধ করেন তাঁরা। একই সময়ে মতিঝিলে অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ের সামনেও বিক্ষোভ শুরু হয়। এ ছাড়া আসাদগেটের আড়ং মোড় ও নীলক্ষেত মোড়ে সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন আন্দোলনকারীরা।

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-৫) মো. মাজহারুল হক জানান, অভিযোগ পাওয়ার পর পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েক দিনের মধ্যেই নতুন পরীক্ষার সময়সূচি জানানো হবে।

এদিকে প্রশ্নফাঁসের অভিযোগের ঘটনায় জড়িত চক্রকে শনাক্ত ও আটক করতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) শুক্রবার রাত থেকে কাজ করছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, রাজধানীতে কোনো অপরাধ সংঘটিত হলে ডিবি সেটির ছায়াতদন্ত করে। প্রশ্নফাঁসের অভিযোগের পরও ঢাকা মহানগর পুলিশের সাইবার ইউনিট ও ডিবির কয়েকটি দল বিষয়টি তদন্ত করে দেখছে।