রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজীরবাগে পাঁচতলা একটি ভবনের ছাদ থেকে পড়ে আবিদা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে পাশের ফ্ল্যাটের এক তরুণীর বিরুদ্ধে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিটল (২৬) নামের ওই তরুণীকে আটক করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মীর হাজীরবাগের ৪৬১ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুটির স্বজনেরা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আবিদার বাবার নাম মো. আসিফ। তাঁদের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার শীবচর বাজার এলাকায়। তাঁরা ওই পাঁচতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন।
পরিবারের সদস্যরা জানান, বিকেলে ভবনের ছাদে খেলছিল আবিদা। কিছুক্ষণ পর তাঁরা খবর পান, শিশুটি ছাদ থেকে পড়ে গেছে। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) এ এম তাজমুল করিম জানান, ঘটনার তদন্তে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশপাশের ভাড়াটিয়াদের সঙ্গে কথা বলে। তাঁদের কাছ থেকে জানা যায়, শিশুটির পরিবারের পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া নিটল নামের এক তরুণী তাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
তাজমুল করিম আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য ওই তরুণীকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত চলছে।