বুধবার, 11 নভেম্বর 2026
সকল বিভাগ

রাজধানীতে চলন্ত বাসে আগুন, শাহজাহানপুরে মিলল ছয়টি তাজা ককটেল

রাজধানীর শ্যামলীতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে ‘ঠিকানা’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

রাজধানীতে চলন্ত বাসে আগুন, শাহজাহানপুরে মিলল ছয়টি তাজা ককটেল
ছবি: সংগৃহীত

রাজধানীর শ্যামলীতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে ‘ঠিকানা’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। একই দিন উত্তর শাহজাহানপুরে বিএনপির পার্টি অফিসের পাশের ঝিলপাড় এলাকা থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।

শেরেবাংলা থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান জানান, বাসটি আসাদ গেটের দিকে যাচ্ছিল। মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে পৌঁছালে কে বা কারা এতে আগুন দেয়। বাসে কোনো যাত্রী ছিলেন না। চালক ও তাঁর একজন সহকারী ছিলেন। তবে তাঁদের কেউ আহত হননি।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ফায়ার সার্ভিসের সহায়তায় বাসের আগুন নেভানোর চেষ্টা চলছে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। কারা বাসটিতে আগুন দিয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকা ও ঢাকার বাইরে ১১ জেলায় ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে।

এদিকে মঙ্গলবার বেলা ১টা ১০ মিনিটে উত্তর শাহজাহানপুরে বিএনপির পার্টি অফিসের পাশের ঝিলপাড় এলাকা থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)। পরিত্যক্ত একটি বস্তার ভেতরে ককটেলগুলো পাওয়া যায়।

এসআরবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এক পথচারী বস্তার মধ্যে বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে এসআরবি-৩-কে খবর দেন। পরে সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করেন। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের তত্ত্বাবধানে সেগুলো ধ্বংস করা হয়। এ ঘটনায় রাজধানীর শাহজাহানপুর থানায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ককটেলগুলো কারা এবং কী উদ্দেশ্যে সেখানে রেখেছিল, তা শনাক্ত করতে গোয়েন্দা অনুসন্ধান ও তদন্ত চলছে। পাশাপাশি আশপাশে কোনো পরিত্যক্ত বা সন্দেহজনক ব্যাগ, বস্তা, কার্টন কিংবা টিন পড়ে থাকতে দেখলে তাতে স্পর্শ না করে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপি সূত্রের তথ্য অনুযায়ী, সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ঢাকার ১৯টি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় অন্তত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার বাইরে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, শরীয়তপুর, কক্সবাজার ও রংপুরেও দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।