রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ই-মেইলের মাধ্যমে এই হুমকি পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাড্ডা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। এরপর মেরুল-বাড্ডা এলাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হুমকির ই-মেইলটি আসে। ‘TypicalChineseman@gmail.com’ ঠিকানা থেকে পাঠানো ওই বার্তায় মঙ্গলবার ক্যাম্পাসে একাধিক বোমা হামলার হুমকি দেওয়া হয়। ই-মেইলে বলা হয়, ‘যা ঘটতে চলেছে, তা তোমাদের কেউই থামাতে পারবে না।’
হুমকির পর বিশ্ববিদ্যালয় প্রশাসন বাড্ডা থানায় জিডি করে। পরে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।
বাড্ডা থানার ওসি কাজী মো. নাসিরুল আমিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন জিডি করার পর আমরা ওখানে নিরাপত্তা জোরদার করেছি। হুমকিদাতা কে তা এখনো আমরা শনাক্ত করতে পারিনি। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি।’